Jogesh Chandra Chaudhuri College: যোগেশে সরস্বতী পুজো কোথায় হবে তা সিদ্ধান্ত নেবে কলেজ কর্তৃপক্ষ, নিরাপত্তার দায়িত্ব নেবে পুলিশ, নির্দেশ হাইকোর্টের

যোগেশচন্দ্র চৌধুরি কলেজে কোথায় হবে সরস্বতী পুজো, এই নিয়ে দিনকয়েক ধরেই বিতর্ক তৈরি হয়েছিল। এবার এই বিষয়ে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট।

Calcutta High Court (Photo Credits: Wikimedia commons)

যোগেশচন্দ্র চৌধুরি কলেজে (Jogesh Chandra Chaudhuri College) কোথায় হবে সরস্বতী পুজো (Saraswati Puja), এই নিয়ে দিনকয়েক ধরেই বিতর্ক তৈরি হয়েছিল। এবার এই বিষয়ে হস্তক্ষেপ করল কলকাতা হাইকোর্ট। যোগেশচন্দ্র ডে কলেজ ও যোগেশচন্দ্র ল' কলেজ এই দুটি কলেজ প্রতি বছরই পৃথক পৃথক জায়গায় পুজো করে। এই বছর দুটি কলেজের মাঝখানে এমন জায়গায় প্যাণ্ডেল করা হয়েছে যে ল কলেজের পড়ুয়ারা সমস্যায় পড়েছেন। আর এই নিয়ে আদালতে দায়ের হয় মামলা। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি জয় সেনগুপ্ত দুই কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেয় যে তাঁরাই যেন সিদ্ধান্ত নেন যে পুজো কোথায় হবে।

বহিরাগতদের প্রবেশ ঠেকাতে অপারগ কলেজ কর্তৃপক্ষ

মামলাকারীর অভিযোগ ছিল, এই পুজোতে বহিরাগতরা হস্তক্ষেপ করার চেষ্টা করছে। সূত্রের খবর, আদালতে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে যে তাঁরা বহিরাগতদের প্রবেশ ঠেকাতে অপারগ। এক্ষেত্রে পুজোর আবহে কলেজের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওযা হয়েছে কলকাতা পুলিশকে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকের নজরদারিতে হবে এই পুজো। সেক্ষেত্রে পুলিশ কমিশনার সিদ্ধান্ত নেবেন কাকে দায়িত্ব দেওয়া হবে।

পুজোর ভিডিয়োগ্রাফির নির্দেশ আদালতের

এছাড়া পুজো ও বিসর্জন ঘিরে যাতে কোনও বিশৃঙ্খলা না হয় সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে পুলিশকর্মী মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা পুজো যেন ভিডিয়োগ্রাফি করা হয়, সেই নির্দেশও দেওয়া হয়েছে। আর যে মণ্ডপ ঘিরে সমস্যা সৃষ্টি হয়েছে তা ভেঙে ফেলারও নির্দেশ দিয়েছে আদালত। আগামী ৫ ফেব্রুয়ারি হবে এই মামলার পরবর্তী শুনানি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement