Oracle Layoffs 2026: এআই বিনিয়োগে ঋণের পাহাড়, ওরাকলে ফের কর্মী ছাঁটাইয়ের কোপ

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র রেসে টিকে থাকতে কোটি কোটি ডলার খরচ করছে বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা ওরেকল (Oracle)। কিন্তু এআই পরিকাঠামো গড়ে তোলার এই বিশাল খরচের চাপ সামলাতে গিয়ে ঋণের বোঝা হু-হু করে বাড়ছে সংস্থাটির।

Layoffs, Representational Image (Photo Credit: Pixabay)

Oracle Layoffs 2026: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-র রেসে টিকে থাকতে কোটি কোটি ডলার খরচ করছে বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা ওরেকল (Oracle)। কিন্তু এআই পরিকাঠামো গড়ে তোলার এই বিশাল খরচের চাপ সামলাতে গিয়ে ঋণের বোঝা হু-হু করে বাড়ছে সংস্থাটির। আর সেই আর্থিক চাপ ও ঋণের ঘাটতি মেটাতে ফের বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের (Layoffs) সিদ্ধান্ত নিতে চলেছে এই ক্লাউড জায়ান্ট কোম্পানি। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে খবর, চলতি মাসের শেষেই সংস্থায় শুরু হতে পারে এই নতুন ছাঁটাই অভিযান।

দুই অঙ্কের শতাংশে ছাঁটাইয়ের আশঙ্কা

প্রতিবেদন অনুযায়ী, ওরেকলের বেশ কিছু বিভাগে কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়বে সবচেয়ে বেশি। সংস্থার নির্দিষ্ট কিছু টিম বা ডিপার্টমেন্টে দুই অঙ্কের শতাংশে (Double-digit percentages) কর্মী ছাঁটাই করা হতে পারে। আগামী ১ সেপ্টেম্বর থেকে সংস্থার দ্বিতীয় ত্রৈমাসিক (Q2) শুরু হওয়ার আগেই পেরোল বাবদ খরচ কমাতে চায় ওরেকল। সে কারণেই সংস্থার ম্যানেজারদের কাছে ইতিমধ্যেই অতিরিক্ত বা ছাঁটাইযোগ্য কর্মীদের তালিকা জমা দেওয়ার নির্দেশ পৌঁছেছে।

উল্লেখ্য, এটিই প্রথম নয়; এর আগের অর্থবর্ষেও ব্যাপক কর্মী ছাঁটাই করেছিল ওরেকল। গত ৩১ মে ২০২৬ শেষ হওয়া অর্থবর্ষে সংস্থাটির প্রায় ২১,০০০ কর্মী (মোট কর্মীবাহিনীর প্রায় ১৩ শতাংশ) কাজ হারিয়েছিলেন। বর্তমানে বিশ্বজুড়ে ওরেকলের কর্মী সংখ্যা প্রায় ১ লক্ষ ৪১ হাজার।

এআই পরিকাঠামোয় বিপুল খরচ ও ঋণের পাহাড়

এআই পরিষেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ডেটা সেন্টার নির্মাণ এবং নতুন প্রসেসর ও চিপ কেনার পেছনে বেপরোয়া ভাবে অর্থ ঢালছে ওরেকল। শুধু ২০২৬ অর্থবর্ষেই পরিকাঠামো খাতে সংস্থাটি প্রায় ৫,৫৭০ কোটি ডলার (৫৫.৭ বিলিয়ন ডলার) খরচ করেছে। তবে আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ অনেকটাই বেশি, যার ফলে ক্যাশ ফ্লোতে প্রায় ২,৩৭০ কোটি ডলারের ঘাটতি দেখা দিয়েছে। এই বিশাল খরচ সামাল দিতে এবং এআই বিপ্লবে অন্যান্য টেক জায়ান্টদের সমকক্ষে টিকে থাকতে ওরেকল গত অর্থবর্ষেই ৪,৩০০ কোটি ডলার ঋণ হিসেবে সংগ্রহ করেছে এবং শেয়ার বিক্রি করে তুলেছে আরও ৫০০ কোটি ডলার। শুধু তা-ই নয়, চলতি অর্থবর্ষেও ঋণ ও ইকুইটির মাধ্যমে আরও ৪,০০০ কোটি ডলার বাজার থেকে তোলার পরিকল্পনা রয়েছে ওরেকলের।

মুনাফা ধরে রাখার চ্যালেঞ্জ

বিপুল অঙ্কের ঋণ ও পরিকাঠামোগত খরচের কারণে ওরেকলের ক্রেডিট রেটিং নেমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের লাভজনকতা বা 'প্রফিটেবিলিটি' সংক্রান্ত প্রত্যাশা পূরণের জন্যই পে-রোল ও অন্যান্য দৈনন্দিন পরিচালনা খরচ এক ধাক্কায় অনেকটা কমিয়ে আনতে বাধ্য হচ্ছে শীর্ষ পরিচালনা পর্ষদ। এআই প্রযুক্তিতে কয়েক হাজার কোটি ডলার বিনিয়োগের খেসারত দিতে হচ্ছে সাধারণ কর্মীদের— টেক জগতে ওরেকলের এই নতুন ছাঁটাইয়ের সিদ্ধান্ত যেন ফের সেই চরম সত্যকেই সামনে নিয়ে এল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement