FIFA World Cup 2022: আধিপত্য বজায় রেখে শেষ ষোলোয় আর্জেন্টিনা, ম্যাচ হেরেও গোল পার্থক্যে পরের রাউন্ডে পোল্যান্ড

পোল্যান্ডের গোলকিপার বল ক্লিয়ার করতে গিয়ে মেসির মুখে তাঁর হাত লাগে। ভার প্রযুক্তির সাহায্যে পেনাল্টি দেন রেফারি। কিন্তু খলনায়ক থেকে মুহূর্তের মধ্যে নায়ক বনে যান সেজনি। স্পট কিক থেকে নেওয়া মেসির শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ডান হাত দিয়ে ঠেকান পোলিশ গোলরক্ষক।

julian alvarezzz Photo Credit: Twitter@FIFAworldcup

সৌদি আরবের কাছে  অপ্রত্যাশিত হার দিয়ে বিশ্বকাপ অভিযান (Qatar World Cup 2022)শুরু করলেও পর পর দুই ম্যাচে মেক্সিকো এবং পোল্যান্ডকে হারিয়ে গ্রুপের একনম্বর দল হিসেবে শেষ ষোলোয় আর্জেন্টিনা।দোহার স্টেডিয়াম ৯৭৪ এ  ২-০ গোলের জয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পা রাখে লিওনেল স্কালোনির দল। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে তারা।  শেষ ষোলোয় উঠেছে পোল্যান্ডও। মেক্সিকোর সমান ৪ পয়েন্ট থাকলেও গোলগড়ে এগিয়ে আছে তারা।

ম্যাচের প্রথমার্ধে গোল করার মত চারটি সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা।ম্যাচের ১০ মিনিটে গোলের উদ্দেশ্যে জোরালো শট নেন মেসি। তার বাঁ পায়ের সেই শট অনায়াসে ঠেকিয়ে দেন সেজনি।  ৩৩ মিনিটে দি মারিয়ার কর্নার কিক হাওয়ায় দারুণ ভাবে বাঁক জালে ঢুকে গেছিল প্রায়। কিন্তু সেজনির (Wojciech Szczęsny) হাত তা হতে দেয়নি।ম্যাচের ৩৮ মিনিটে সেই উল্লেখযোগ্য মুহূর্ত। পোল্যান্ডের গোলকিপার বল ক্লিয়ার করতে গিয়ে মেসির মুখে তাঁর হাত লাগে। ভার প্রযুক্তির  সাহায্যে পেনাল্টি দেন রেফারি। কিন্তু খলনায়ক থেকে মুহূর্তের মধ্যে নায়ক বনে যান সেজনি। স্পট কিক থেকে নেওয়া মেসির শট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে ডান হাত দিয়ে ঠেকান পোলিশ গোলরক্ষক।

কিন্তু বিরতির পর সেই ধার আর ধরে রাখতে পারেননি পোলিশরা।দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লাতিন আমেরিকার দল। ম্যাচের ৪৬ মিনিটে গোলের ডেডলক ভাঙে আর্জেন্টিনা। মেসির বুক থেকে পাথর নামিয়ে দেন ম্যাক অ্যালিস্টার। মলিনার ক্রস বাঁ প্রান্তের নিচু কর্নার দিয়ে জালের ঠিকানা‍য় পাঠিয়ে দেন তিনি। দ্বিতীয় গোলটির জন্য কেবল ২১ মিনিট অপেক্ষায় থাকতে হয় আর্জেন্টিনাকে। এনজো ফার্নান্দেজের পাস থেকে বিপদের শঙ্কাটা অনেকটাই দূর করে দেন তরুন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। মেসি গোলবঞ্চিত থাকলেও পুরো মাঠজুড়ে তার দাপট ছিল দেখার মতো।

অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবলের খেসারত দিতে হল পোল্যান্ডকে। প্রথম দুই ম্যাচে ক্লিনশিট ছিল লেওয়ানডোস্কিদের। কিন্তু এদিন আর্জেন্টিনার আক্রমণের ঝাঁঝে নাস্তানাবুদ পোলিশ রক্ষণ। পুরোপুরি ব্যাকফুটে ছিল পোল্যান্ড। অধিকাংশ সময় তাঁদের সব ফুটবলারই নিজেদের অর্ধে ছিল। বল পেলেও নিজেদের পায়ে রাখতে পারছিল না পোল্যান্ডের ফুটবলাররা।খুঁজেই পাওয়া যায় নি পোলিশ অধিনায়ক লেওয়ানডোস্কিকে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement