Asian Games 2026: ক্রিকেটে, শ্যুটিংয়ের পর এবার কবাডিতে সোনা ভারতের, ইরানকে হারিয়ে সোনা জিতল ভারতের মহিলা কবাডি দল
চলতি এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এলো তৃতীয় সোনার পদক। মহিলাদের ক্রিকেট, শ্যুটিংয়ের মিক্সড টিম ইভেন্টের পর জাপানে ভারতের তৃতীয় সোনার পদকটা এল মহিলাদের কবাডিতে।
Asian Games 2026: চলতি এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে এলো তৃতীয় সোনার পদক। মহিলাদের ক্রিকেট, শ্যুটিংয়ের মিক্সড টিম ইভেন্টের পর জাপানে ভারতের তৃতীয় সোনার পদকটা এল মহিলাদের কবাডিতে। শনিবার সকালে চরম উত্তেজনার এক ফাইনালে শক্তিশালী ইরানকে ৩৭-৩৪ পয়েন্টে হারিয়ে সোনা জিতল ভারতের মহিলা কবাডি দল। জাপানের আইচি-নাগোয়ার তোখাই সিটিজেন জিমনেসিয়ামে এই হাড্ডাহাড্ডি ম্যাচটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দল একে অপরকে কড়া টক্কর দিলেও শেষ পর্যন্ত জয়ের শেষ হাসি হাসে ভারতীয় মেয়েরাই।
অপরাজিত হয়ে সোনা জিতল ভারতীয় মহিলা কবাডি দল
পুরো টুর্নামেন্ট জুড়েই অপরাজিত ছিল ভারতীয় দল। গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ এবং জাপানকে সহজেই গুঁড়িয়ে দিয়েছিল ভারত। এরপর ইরানকেও হারিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর দল হিসেবে নকআউটে পৌঁছায় তারা। ফাইনালেও সেই দুর্দান্ত ফর্ম বজায় রেখে শেষ মুহূর্তের বুদ্ধিমত্তা দিয়ে ম্যাচটি নিজেদের নামে করে নেয় ভারতীয় দল।
মহিলাদের কবাডিতে সোনা জয় ভারতের
সোনায় ফিরছে টিম ইন্ডিয়া
চলতি এশিয়ান গেমসে এটি ভারতের তিন নম্বর সোনা। এর আগে ভারতীয় মহিলা ক্রিকেট দল দেশকে প্রথম সোনা এনে দিয়েছিল। এরপর ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে সুরুচি সিং ফোগাট এবং কমলজিতের জুটি দেশকে দ্বিতীয় সোনা উপহার দেন। এশিয়ান গেমসে ২০১০ সালে প্রথমবার মহিলা কবাডি খেলা শুরু হয়। তারপর থেকে ২০১৮ সালের জাকর্তা গেমস (যেখানে ভারত রূপো পেয়েছিল) ছাড়া প্রতিবারই সোনা জিতেছে ভারতের মেয়েরা।
শনিবার ভাল শুরু ভারতের
প্রতিযোগিতার অষ্টম দিনে ভারতের ঝুলিতে এটি তিন নম্বর পদক। কবাডিতে সোনার পাশাপাশি পুরুষদের ম্যারাথনে সাওয়ান বারওয়াল এক ঐতিহাসিক রূপোর পদক জেতেন। অন্যদিকে স্কোয়াশে দেশের নাম উজ্জ্বল করে ব্রোঞ্জ জিতেছে জশনা চিনাপ্পা ও ভেলাভান সেন্থিলকুমারের জুটি। এশিয়ান গেমসের ইতিহাসে কবাডি খেলা থেকে এটি ভারতের মোট ১২ নম্বর সোনা। এর মধ্যে ১৯৯০ সাল থেকে পুরুষ কবাডি দল একাই দেশকে ৮টি সোনা এনে দিয়েছে। আজ শনিবারের পরবর্তী আকর্ষণ হিসেবে পুরুষদের কবাডি ফাইনালেও সোনা জয়ের লক্ষ্যে ইরানের মুখোমুখি হচ্ছে ভারতীয় পুরুষ দল।