Solapur Factory Fire: ভোররাতে সোলাপুরে কারখানায় বিধ্বংসী আগুন, দেড় বছরের শিশু-সহ ৮ জনের মৃত্যু
আগুনের ব্যাপকতা এতই সাংঘাতিক ছিল যে অগ্নিকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লেগে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে।
Solapur Factory Fire: রবিবার ভোররাতে মহারাষ্ট্রে (Maharashtra) সোলাপুরে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঝলসে মারা গিয়েছেন ৮ জন। মৃতদের মধ্যে তিনজন মহিলা এবং একজন শিশুও রয়েছে। জানা যাচ্ছে, মুম্বই থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে সোলাপুর এমআইডিসির আক্কালকোট রোডে অবস্থিত সেন্ট্রাল টেক্সটাইল মিলসে রবিবার ভোর ৩টে বেজে ৪৫ মিনিট নাগাদ আগুন লাগে। দাউদাউ করে জ্বলে ওঠে মস্ত কারখানা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। আগুনের ব্যাপকতা এতই সাংঘাতিক ছিল যে অগ্নিকাণ্ড পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লেগে গিয়েছে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। নিহতদের মধ্যে রয়েছেন কারখানার মালিক হাজী উসমান হাসানভাই মনসুরি, তাঁর দেড় বছরের নাতি-সহ পরিবারের তিন সদস্য এবং চার শ্রমিক।