Arun Roy Dies: নতুন বছরের শুরুতেই বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত পরিচালক অরুণ রায়
'ইন্ডাস্ট্রি ওঁর মতো প্রতিভাকে সঠিক ব্যবহার করতে পারল না...’
কলকাতা: বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অরুণ রায় (Director Arun Roy) প্রয়াত। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে গেলেন পরিচালক অরুণ রায়। মাত্র ৫৩ বছর বয়সেই সব শেষ। তিনি এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেতা ও চিকিৎসক কিঞ্জল নন্দা। চিকিৎসক শোক প্রকাশ করে জানিয়েছেন, ‘বরাবর ব্যতিক্রমী ছবি বানানোর চেষ্টা করেছেন অরুণদা। ওঁর জন্যই তো ছায়াছবির জনক ‘হীরালাল সেন’কে চিনেছি। ‘চোলাই’ আরও একটি ভাল কাজ। ইন্ডাস্ট্রি ওঁর মতো প্রতিভাকে সঠিক ব্যবহার করতে পারল না।’
ক্যানসার আক্রান্ত থাকা অবস্থাতেও কাজের সঙ্গে কোনও সমঝোতা করেননি পরিচালক। কেমোথেরাপির চলাকালীনও তিনি শ্যুটিংয়ের কাজ চালিয়ে গিয়েছেন। পরিচালকের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। পরিচালকের অসুস্থতার খবর পেয়েই তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন দেব। সোশ্যাল মিডিয়ায় অরুণ রায়ের ছবি পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছে দেবের প্রযোজনা সংস্থা।