Patiala Pitbull Attack Video: ভাড়া বাড়ি দেখতে গিয়ে ভয়ানক অভিজ্ঞতা, পিটবুলের কামড়ে রক্তাক্ত দম্পতি! পাটিয়ালায় ট্র্যাজেডির পর ক্ষোভ, তৈরি হচ্ছে কড়া আইন
ভাড়াবাড়ির সন্ধানে গিয়ে চরম বিপদের মুখে পড়লেন এক দম্পতি। বাড়ির দরজার শিকল খুলতেই হঠাৎ তেড়ে এল একটি পোষা পিটবুল। মুহূর্তের মধ্যে দম্পতির ওপর ঝাঁপিয়ে পড়ে নৃসংশভাবে কামড়াতে শুরু করে বিপজ্জনক প্রজাতির কুকুরটি।
Patiala Pitbull Attack Video: ভাড়াবাড়ির সন্ধানে গিয়ে চরম বিপদের মুখে পড়লেন এক দম্পতি। বাড়ির দরজার শিকল খুলতেই হঠাৎ তেড়ে এল একটি পোষা পিটবুল। মুহূর্তের মধ্যে দম্পতির ওপর ঝাঁপিয়ে পড়ে নৃসংশভাবে কামড়াতে শুরু করে বিপজ্জনক প্রজাতির কুকুরটি। গত মঙ্গলবার, ১১ আগস্ট পঞ্জাবের পাটিয়ালার ঘুমান নগর এলাকায় এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। রক্তাক্ত অবস্থায় আক্রান্ত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঠিক কী ঘটেছিল
আক্রান্তদের নাম অঙ্কিত সভরওয়াল এবং তাঁর স্ত্রী শেফালী। ঘটনার বর্ণনায় অঙ্কিত জানান, প্রপার্টি ডিলারের সঙ্গে তাঁরা একটি বাড়ি ভাড়া নেওয়ার উদ্দেশ্যে তা পরিদর্শন করতে গিয়েছিলেন। গেটের শিকল খুলতেই আচমকা অন্দরমহল থেকে পিটবুলটি বেরিয়ে এসে আক্রমণ চালায়। প্রথমে কুকুরটি শেফালীর ওপর হামলা চালিয়ে তাঁর হাত ও শরীরের একাধিক অংশ কামড়ে ক্ষতবিক্ষত করে দেয়। স্ত্রীকে বাঁচাতে গিয়ে অঙ্কিতের পিঠে ও পায়েও মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়।
দেখুন ভাইরাল ভিডিও
সিসিটিভি ফুটেজে কী দেখা যায়
ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, উপস্থিত কয়েক জন পথচারী এবং প্রপার্টি ডিলার লাঠি নিয়ে কুকুরটিকে সরানোর আপ্রাণ চেষ্টা করছেন। দীর্ঘ টানাপোড়েনের পর রক্তাক্ত দম্পতিকে উদ্ধার করা সম্ভব হয়। বর্তমানে অমর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দু’জনেই। শেফালীর শরীরে একাধিক অস্ত্রোপচার করা হয়েছে। মারাত্মক চোট পাওয়ায় অঙ্কিতের শরীরজুড়ে পড়েছে অজস্র সেলাই। সুবিচারের দাবি জানিয়ে অঙ্কিত বলেন, "মালিকের আদেশ সত্ত্বেও কুকুরটি থামেনি। আমরা ন্যায়বিচার চাই।"
দেখুন ভিডিও
পুরসভার কড়া পদক্ষেপ ও আইনি জাঁতাকল
এই অনভিপ্রেত ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ে নড়েচড়ে বসেছে পাটিয়ালা পুরসভা। পাটিয়ালার মেয়র কুন্দন গোগিয়া স্পষ্ট জানিয়েছেন, শহর এলাকায় পিটবুলের মতো আগ্রাসী ও বিপজ্জনক প্রজাতির কুকুর পোষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পুরসভার আসন্ন বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব পাস করা হবে। পুর কমিশনার পূজা গ্রেওয়াল জানান, বর্তমান নিয়ম অনুযায়ী পিটবুল অত্যন্ত হিংস্র প্রজাতির কুকুরের তালিকায় পড়ে এবং এদের গৃহপালিত হিসেবে রাখা অনুমোদিত নয়।
কড়া পদক্ষেপ পুলিশের
অন্য দিকে, কুকুরটির মালিকের বিরুদ্ধে পুলিশ কড়া আইনি পদক্ষেপ নিতে চলেছে। জেলা পুলিশ আধিকারিকদের মতে, ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ২৯১ ধারায় (পোষা প্রাণীর বিষয়ে অবহেলামূলক আচরণ) মামলা রুজু করা হচ্ছে। হাসপাতালের মেডিক্যাল রিপোর্ট হাতে পেলেই এফআইআর (FIR) দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।