Madhya Pradesh Shocker: কানে অস্বস্তি ও অসহ্য যন্ত্রণা, কিশোরীর কান থেকে জ্যান্ত কাঁকড়া বিছে বের করলেন চিকিৎসক

প্রতিদিনের মতো সাধারণভাবেই শুরু হয়েছিল দিনটি। কিন্তু কিছুক্ষণ পরেই যে এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে, তা স্বপ্নেও ভাবেনি ১৫ বছরের কিশোরী অন্তিম।

Doctor | Representative Image (Photo Credits: Pixabay)

Madhya Pradesh Shocker: প্রতিদিনের মতো সাধারণভাবেই শুরু হয়েছিল দিনটি। কিন্তু কিছুক্ষণ পরেই যে এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে, তা স্বপ্নেও ভাবেনি ১৫ বছরের কিশোরী অন্তিম। মধ্যপ্রদেশের ধর জেলার বাঘ এলাকার কাছাকাছি ভে কালিয়া গ্রামের এই বাসিন্দার কানে হঠাৎ করেই শুরু হয় তীব্র চুলকানি ও মারাত্মক যন্ত্রণা। ছটফট করতে থাকা মেয়েকে তড়িঘড়ি ক্লিনিকে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে পরীক্ষা করতেই চিকিৎসকদের চোখ ছানাবড়া—কানের ভেতরে দিব্যি কিলবিল করছে একটি জ্যান্ত কাঁকড়াবিছে!

যেভাবে কানে ঢুকল বিষাক্ত বিছে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সাতসকালে অন্তিমের বাবা বন সিং ও পরিবারের অন্য সদস্যরা মাঠে কাজ করতে গিয়েছিলেন। প্রতিদিনের অভ্যাস মতোই গৃহপালিত গবাদি পশুর জন্য মাঠ থেকে ঘাসের আঁটি মাথায় করে বাড়ি নিয়ে আসার দায়িত্ব ছিল অন্তিমের ওপর। ঘাস কেটে আঁটি বেঁধে মাথায় তুলে বাড়ি ফেরার পথেই ঘটে বিপত্তি। ঘাসের মধ্যে লুকিয়ে থাকা একটি ছোট আকারের কাঁকড়াবিছে কোনোভাবে তার বাঁ কানে ঢুকে পড়ে। বাড়িতে পৌঁছানোর পর কানের ভেতর যন্ত্রণা শুরু হলে যন্ত্রণায় কাতরাতে থাকে ওই কিশোরী।

কিম্ভুত বস্তু দেখে শিউরে উঠলেন চিকিৎসক

কিশোরীর যন্ত্রণা অসহনীয় হয়ে উঠলে বাবা বন সিং তাকে বাঘ শহরের এক নামী চিকিৎসক তথা ধরের প্রাক্তন সিএমএইচও (CMHO) ডক্টর আর কে শিন্ডের ক্লিনিকে নিয়ে যান। চিকিৎসক টর্চ জ্বেলে কানের ভেতর পরীক্ষা করতেই সরু লেজের মতো একটি অংশ দেখতে পান। কানের ভেতর হাইড্রোজেনের দ্রবণ দিয়ে সূক্ষ্ম চিমটে (forceps) ঢুকিয়ে বস্তুটি বের করে আনতেই চমকে ওঠেন উপস্থিত সকলে। দেখা যায় কানের ভেতর থেকে বেরিয়ে এসেছে একটি জ্যান্ত বিষাক্ত কাঁকড়াবিছে।

কী বলছেন চিকিৎসক?

ডক্টর শিন্ডে জানান, কাঁকড়াবিছেটি আকারে বেশ ছোট ছিল বলেই হয়তো বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে মেয়েটি। কানের সংকীর্ণ জায়গায় ঢুকে বিছেটি নিজেই আতঙ্কিত হয়ে পড়েছিল। অন্যথায় এটি হুল ফোটালে কিশোরীর জন্য সেই যন্ত্রণা সহ্য করা অসম্ভব হয়ে উঠত। একই সঙ্গে চিকিৎসকের পরামর্শ, কানে হঠাৎ চুলকানি বা ভেতরে কোনো কিছু চলাফেরার অনুভূতি হলে সেটিকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। কানের ভেতর কোনো কিছু ঢুকলে নিজে থেকে খোঁচাখুঁচি না করে অবিলম্বে নিকটস্থ চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement