Delhi Metro Viral Video: দুই যুবতীর অলক্ষ্যে ভিডিও, মাঝপথেই মধ্যবয়সীকে ঘিরে ধুন্ধুমার
Delhi Metro: সাধারণ এক যাত্রাই যে নিমেষে এক অস্বস্তিকর অভিজ্ঞতায় রূপ নেবে, তা হয়তো ভাবতেও পারেননি দুই তরুণী। দিল্লির মেট্রোয় যাত্রা করার সময় এক মধ্যবয়সী পুরুষ তাঁদের সম্মতি ছাড়াই গোপনে ভিডিও রেকর্ড করছিলেন বলে অভিযোগ ওঠে।
Delhi Metro Viral Video: সাধারণ এক যাত্রাই যে নিমেষে এক অস্বস্তিকর অভিজ্ঞতায় রূপ নেবে, তা হয়তো ভাবতেও পারেননি দুই তরুণী। দিল্লির মেট্রোয় যাত্রা করার সময় এক মধ্যবয়সী পুরুষ তাঁদের সম্মতি ছাড়াই গোপনে ভিডিও রেকর্ড করছিলেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি জানাজানি হতেই মেট্রোর কামরাতেই চরম উত্তেজনা তৈরি হয়, যার ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল। লোকনায়ক ভবন মেট্রো স্টেশন থেকে গ্রিন পার্কের দিকে যাওয়ার পথে সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে বলে খবর। রাজধানীর গণপরিবহনে মহিলাদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এই ঘটনা।
মেট্রোর ভেতর ঠিক কী ঘটেছিল
অভিযোগকারী তরুণীদের একজন জানিয়েছেন, সিটে বসে থাকা ওই ব্যক্তির চলাফেরা দেখে প্রথম থেকেই তাঁদের সন্দেহ হয়েছিল। তাঁরা খেয়াল করেন, ব্যক্তিটি অলক্ষ্যে তাঁদের ছবি এবং ভিডিও তোলার চেষ্টা করছেন। বিষয়টি বুঝতে পেরে তরুণীরা নজর রাখছেন টের পাওয়ার পরেও ব্যক্তিটি তাঁদের দিকে অসভ্যভাবে তাকিয়ে থাকেন। পরিস্থিতি সহ্যের বাইরে চলে গেলে তরুণীরা সরাসরি ওই ব্যক্তির মুখোমুখি হন এবং তাঁর মোবাইল ফোনটি দেখতে চান। প্রথমে ভিডিও তোলার কথা অস্বীকার করলেও তরুণীদের চাপের মুখে পড়ে ব্যক্তিটি নিজের ফোন থেকে দ্রুত কিছু ফাইল মুছে ফেলতে থাকেন। তরুণীরা সেই দৃশ্য নিজেদের চোখে দেখেন। মোছা ফাইল আর ফেরত আনা যাবে না ভেবেই হয়তো লোকটি শেষ পর্যন্ত ফোনটি তরুণীদের হাতে তুলে দেন।
রিসাইকেল বিন থেকে উদ্ধার ভিডিও
কিন্তু তরুণীরা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ফোনের রিসাইকেল বিন বা ট্র্যাশ ফোল্ডার পরীক্ষা করেন এবং সেখান থেকেই মুছে ফেলা সেই ভিডিওটি উদ্ধার করেন। কারও অনুমতি ছাড়া এভাবে গোপনে ভিডিও তোলা যে দণ্ডনীয় ও অনৈতিক, তা ওই ব্যক্তিকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়। পুরো কথোপকথনটি ক্যামেরাবন্দি করা হয় এবং পরবর্তীতে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়, নারীরা কি সত্যিই কখনো সুরক্ষিত থাকতে পারবেন?
সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়
ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ যাত্রার সময় প্রতিনিয়ত মহিলাদের যেভাবে এই ধরনের অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনলাইনে এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, বিষয়টি অত্যন্ত ঘৃণ্য, আর আশেপাশের যাত্রীদের নিষ্ক্রিয়তা আমাদের দেশের বাস্তব চিত্র তুলে ধরছে। অন্য একজন মন্তব্য করেছেন, ক্যামেরার সামনে দাঁড়িয়ে এমন মিথ্যা বলার সাহস পায় কোথা থেকে? তৃতীয় একজন লিখেছেন, এই দেশে নারী নিরাপত্তা সত্যিই এক বিরাট বড় সংকট। আরও একজন পরামর্শ দিয়ে লিখেছেন, আশা করি আপনারা পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন, এই ধরনের মানুষদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়।
মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এই ঘটনাটি আরও একবার প্রমাণ করে দিল যে কর্মক্ষেত্র বা পথঘাট তো বটেই, এমনকি সিসিটিভি মোড়া আধুনিক গণপরিবহনেও মহিলাদের সুরক্ষা কতটা নড়বড়ে। সামাজিক মাধ্যমে বর্তমানে এই ঘটনার কঠোর জবাবদিহি ও অভিযুক্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জোরালো হচ্ছে।