Mahakumbh 2025: মৌনী অমাবস্যার অমৃত স্নান শুরু, সঙ্গমে লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড়; দেখুন ড্রোণ ভিডিও
হিন্দু ধর্মে অমাবস্যা তিথি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত হয়। প্রতি বছরে মোট ১২টি অমাবস্যা হয়। প্রতিটি অমাবস্যার নিজস্ব তাৎপর্য রয়েছে। মাঘ মাসের অমাবস্যাকে বলা হয়ে থাকে মৌনী অমাবস্যা। মৌনী কথাটা এসেছে মৌন বা নীরবতা থেকে। মানে, এই দিন অমাবস্যার রীতি পালন করতে হবে কথা না বলে। এই দিনে নীরবে স্নান ও দান করার অনেক গুরুত্ব রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে কেউ যদি এই দিনে সম্পূর্ণ নীরবতা পালন করে স্নান করেন এবং অর্থ দান করেন তবে তিনি অতুলনীয় স্বাস্থ্য, মানসিক শান্তি এবং জ্ঞান লাভ করে থাকেন। সেই শুভ মুহুর্তকে উদযাপন করতে এবার সর্বশ্রেষ্ঠ উপায় মহাকুম্ভ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভের পুণ্যস্নান। ১৪৪ বছরে একবারই আসে এই মুহূর্ত। এমন পুণ্যস্নানের সুযোগ পেতে অপেক্ষা করতে হয় ১৪৪ টি বছর। কারও কারও জীবন কেটে যায়, অথচ সুযোগ পান না মহাকুম্ভ স্নানের। এটাই সেই বিশেষ বছর । তাই সকলেই নেমে পড়তে চাইছেন ত্রিবেণী সঙ্গমে পুণ্য অর্জনের ইচ্ছায়।
মৌনী অমাবস্যা তিথির আগে থেকেই ভক্ত ও পুণ্যার্থীদের মধ্যে বিশেষ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। রবিবার ও সোমবারও মহাকুম্ভে নজিরবিহীন ভিড় ছিল। দুই দিনে প্রায় তিন কোটি মানুষ পুণ্যস্নান করেন প্রয়াগরাজে। এর মধ্যে শুধু রবিবার স্নান করেন ১ কোটি ৭৪ লাখ ভক্ত। সরকারি তথ্য অনুসারে সোমবার সন্ধে ৬টা পর্যন্ত ১.১৮ কোটি মানুষ স্নান করেন সেখানে।
২০২৫ সালের মৌনী অমাবস্যা ২৮ জানুয়ারি, মঙ্গলবার থেকেই পড়ে গেছে। সন্ধ্যা ৭.৩২ মিনিটে শুরু হয়ে ২৯ জানুয়ারি ২ সন্ধ্যা ৬.০৫ মিনিটে মৌনী অমাবস্যার তিথি শেষ হবে।হিন্দু পঞ্জিকা অনুসারে, ২৯ জানুয়ারি ভোর ৫:২৫ মিনিট থেকে ৬:১৮ মিনিট পর্যন্ত অমৃত স্নানের সময়। এই সময়ে কুম্ভ স্নান করলে পূণ্যলাভের সম্ভাবনা সবচেয়ে বেশি। আজ সকাল থেকেই তাই পুণ্যার্থীদের ভিড় সঙ্গমে।