Greater Noida: যোগীরাজ্যে পণের লোভে স্ত্রীকে মারধর করে জীবন্ত জ্বালিয়ে দিল স্বামী, ভাইরাল হাড়হিম করা ভিডিয়ো
যৌতুকের জন্য ফের নারী নির্যাতনের ঘটনা। এবার ঘটনাটি ঘটল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায়। এক মহিলাকে বেধড়ক মারধর করে কার্যত জীবন্ত আগুনে পুড়িয়ে মারল শ্বশুরবাড়ির লোকজনেরা।
যৌতুকের জন্য ফের নারী নির্যাতনের ঘটনা। এবার ঘটনাটি ঘটল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় (Greater Noida)। এক মহিলাকে বেধড়ক মারধর করে কার্যত জীবন্ত আগুনে পুড়িয়ে মারল শ্বশুরবাড়ির লোকজনেরা। গত শুক্রবার গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর নির্যাতিতার পরিবার কাসনা থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত স্বামী ও তাঁর পরিবার। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।
গ্রেফাতারির দাবিতে থানা ঘেরাও করে পরিবার
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, অভিযুক্ত বিপীন ভাটি এবং তাঁর মা নিকি নামে ওই তরুণীকে বেধড়ক মারধর করছে। তারপর তাঁকে বাথরুমে আটকে রেখে গায়ে পেট্রল ঢেলে দেয় যুবক। অপর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, আগুনে জ্বলন্ত অবস্থা সিড়ি দিয়ে নামছে নিকি। কার্যত হাড়হিম করা এই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশাল মিডিয়ায়। এই ঘটনার পর কাসনা থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে থানা ঘেরাও করে নিকির পরিবার।
বিয়ের পর থেকেই অত্যাচার চলত
জানা যাচ্ছে, ২০১৬ সালে দাদরির বাসিন্দা নিকির সঙ্গে বিয়ে হয়েছিল সিরসা গ্রামের বিপিনের সঙ্গে। অভিযোগ, বিয়ের পর থেকেই পণের দাবিতে মদ্যপ অবস্থায় স্ত্রীয়ের ওপর নির্যাতন চালাত বিপিন। এই অত্যাচার ক্রমশ বেড়ে যেতে লেগেছিল চলতি বছরে। শুক্রবার অত্যাচারের খবর পেয়ে নিকির বাপের বাড়ির লোক ছুটে যায় বিপিনের বাড়িতে। তবে বাইরে থেকে লোহার গেট বন্ধ থাকায় তাঁরা ভেতরে ঢুকতে পারেনি। তাঁদের সামনেই তরুণীকে মারধর করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।