Uttar Pradesh: মদের নেশায় বুঁদ স্বামী, মদ্যপানে বাধা দেওয়ায় স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে খুন

বাইক থেকে পেট্রোল বের করে এনে স্ত্রীর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন মদ্যপ স্বামী। স্বামীকে মদ্যপানে বাধা দেওয়ার জন্যে স্ত্রী শান্নো-র (৪০) এমন করুণ পরিণতি হয়েছে।

প্রতীকী ছবি

বুদাউন, ৮ মার্চঃ স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুদাউন জেলার নাইথুয়া গ্রামের মুজারিয়া থানা এলাকার ঘটনায় চাঞ্চল্য। বৃহস্পতিবার রাতে খুনের ঘটনাটি ঘটে। জানা যাচ্ছে, বাইক থেকে পেট্রোল বের করে এনে স্ত্রীর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেন মদ্যপ স্বামী।

পুলিশ সূত্রে খবর, স্বামীকে মদ্যপানে বাধা দেওয়ার জন্যে স্ত্রী শান্নো-র (৪০) এমন করুণ পরিণতি হয়েছে। ঘটনাটির দিন রাতে মদ্যপ অবস্থাতেই বাড়িতে এসেছিলেন অভিযুক্ত মুকেশ সাক্সেনা। বাড়িতে এসেও মদ্য পানে বসেন তিনি। স্ত্রী তাঁকে বাধা দিতে গেলে দুজনের মধ্যে তুমুল অশান্তি লাগে। রাগের মাথায় দিগ্বিদিক শূন্য হয়ে নিজের বাইক থেকে কিছুটা পেট্রোল বের করে আনে মুকেশ। স্ত্রীর গায়ে তা ঢেলে মুহূর্তে আগুন ধরিয়ে দেয় সে।

বৌমাকে আগুনে জ্বলতে দেখে ছুটে আগুন নেভাতে আসেন অভিযুক্তের মা মুন্নি দেবী। আগুনে তাঁরও হাত পুড়ে যায়। মাকে জ্বলতে দেখে চিৎকার শুরু করে দম্পতির দুই সন্তান, সানি (৮), অর্জুন (৫)। রাতবিরেতে বাচ্চাদের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। তৎপরতার সঙ্গে প্রতিবেশীরা আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে। চিকিৎসা চলছে মৃতের শাশুড়ির। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত মুকেশ সাক্সেনা। তাঁর খোঁজ চলছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement