Maharashtra Godman:দুঃখ দুর্দশা দূর করার নামে অত্যাচার, এবার স্বঘোষিত 'গডম্যান'-এর পর্দাফাঁস
নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে দাবি করে টানা দু'বছর ধরে নানা অপকর্ম চালানোর অভিযোগ।
নয়াদিল্লিঃ মহারাষ্ট্রে (Maharashtra) এবার স্বঘোষিত গডম্যানের পর্দাফাঁস। নিজেকে অলৌকিক ক্ষমতার অধিকারী বলে দাবি করে টানা দু'বছর ধরে নানা অপকর্ম চালানোর অভিযোগ। সংস্কার বিরোধী একটি সংগঠনের স্টিং অপারেশনের পরই সামনে এল 'গডম্যান'-এর সমস্ত কার্যকলাপ। বর্তমানে পলাতক অভিযুক্ত।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সম্ভাজিনগরে। ওই ব্যক্তির নাম সঞ্জয় পাগারে। ছত্রপতি সম্ভাজিনগর জেলার বৈজাপুর পঞ্চায়েতের শিউর গ্রামে একপ্রকার নিজের আসর সাজিয়ে বসেছিলেন সঞ্জয়। গ্রামের এক মন্দিরে চলত তাঁর কর্মকাণ্ড। বিভিন্ন কালাজাদুর মাধ্যমে মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে পারেন তিনি এমনটাই দাবি করতেন সঞ্জয়। তাঁর কাছে রোজ আসতেন গ্রামের বাসিন্দারা। অভিযোগ, নারী পুরুষ নির্বিশেষে মারধর করতেন তিনি। লাঠি দিয়ে, মুখে জুতো ঢুকিয়ে মারধর করা হত বলে অভিযোগ। কখনও কখনও আবার গ্রামবাসীদের মুত্র পান করানো হত বলেও অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই সঞ্জয়ের বিরুদ্ধে স্টিং অপারেশন চালায় স্থানীয় একটি কুসংস্কার বিরোধী সংগঠন। লুকিয়ে ক্যামেরাবন্দি করা হয় এই সমস্ত অপকর্মের ফুটেজ। এরপরই তাঁর বিরুদ্ধে প্রতারণা, হামলা এবং কুসংস্কার প্রচারের অভিযোগে মামলা দায়ের করা হয়। তাঁর বিরুদ্ধে দু'টি টিম তৈরি করে তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে পলাতক তিনি। তাঁকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ।
দুঃখ দুর্দশা দূর করার নামে অত্যাচার, এবার স্বঘোষিত 'গডম্যান'-এর পর্দাফাঁস