Karnataka: দলিত যুবকের সঙ্গে মেয়ের প্রণয়ে আপত্তি, প্রেমিকের হাতে খুন বাবা

মঙ্গলবার সকালে ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকার বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।

প্রতীকী ছবি (File Image)

বাগালকোট, ১২ মার্চঃ দলিত যুবকের সঙ্গে মেয়ের প্রণয়ে প্রবল আপত্তি বাবার। আর সেই আপত্তিই কাল ডেকে আনল বছর ৫২-র প্রৌঢ়ের জীবনে। মেয়ের প্রেমিকের হাতে খুন হলেন বাবা। কর্ণাটকের বাগালকোট জেলার ভগবতি গ্রামের ঘটনায় তুমুল শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। মঙ্গলবার সকালে ধারালো অস্ত্র দিয়ে প্রেমিকার বাবাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে।

পুলিশ সূত্রে খবর, দলিত যুবক প্রবীন কাম্বলের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক কখনই মেনে নিতে পারেননি উচ্চবর্ণের সঙ্গনাগৌদা পাটিল। বারংবার মেয়েকে বাধা দিয়েছেন। সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যে মেয়েকে জোর করেছেন। এরই মাঝে দিন কয়েক আগেই প্রেমিকার সঙ্গে দেখা করেন প্রবীন। তা জানতে পেরে যুবকের সঙ্গে বসচায় জড়ান পাটিল। দুজনের মধ্যে তুমুল অশান্তি নয়। পরিস্থিতি বেগতিক বুঝে প্রবীনের সঙ্গে সম্পর্ক এগোতে অস্বীকার করে দেন পাটিলের কন্যা।

প্রেমিকা যোগাযোগ ছিন্ন করায় তীব্র রাগের সঞ্চার হয় যুবকের মনে। এরপরেই সে পাটিলের উপর হামলা করার ছক কষে। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বছর বাহান্নর সঙ্গনাগৌদা পাটিলকে। বাগালকোট গ্রামীণ থানার পুলিশ খুনের মামলা দায়ের করেছে। ঘটনার পর থেকেই নিখোঁজ অভিযুক্ত। অভিযুক্তের খোঁজে শুরু হয়েছে পুলিশের তল্লাশি অভিযান।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement