Study Material in Indian Languages: শিক্ষার্থীদের নিজস্ব ভাষায় পড়াশোনার সুযোগ দেওয়ার লক্ষ্যে বড় ঘোষণা কেন্দ্র সরকারের

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই গত দুই বছরে এই লক্ষ্যে কাজ শুরু করেছে। 'অনুবাদিনী' এআই ভিত্তিক একটি অ্যাপের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইন, স্নাতক, স্নাতকোত্তর সহ বিভিন্ন বইয়ের অনুবাদ করা হয়েছে।

Representational Picture. Credits: PTI

নয়া দিল্লি, ১৯ জানুয়ারিঃ শিক্ষার্থীদের তাদের নিজস্ব ভাষায় পড়াশোনা করার সুযোগ দেওয়ার লক্ষ্যে বড় সিদ্ধান্ত গ্রহণ করল কেন্দ্র সরকার। শুক্রবার আধিকারিকরা জানিয়েছেন, কেন্দ্র স্কুল এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ডিজিটালভাবে সমস্ত ভাষায় সব রকম কোর্সের জন্য পড়াশোনার সামগ্রী সরবরাহ করার নির্দেশ দিয়েছে। এই কর্মসূচি সম্পূর্ণ করার জন্যে তিন বছরের সময়সীমা বেধে দেওয়া হয়েছে।

এই মর্মে শুক্রবার শিক্ষামন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, 'প্রতিটি স্তরে শিক্ষায় বহুভাষিকতার প্রচারের জন্য উপরের নির্দেশাবলী জাতীয় শিক্ষানীতির সুপারিশ থেকে গৃহীত হয়েছে। যাতে শিক্ষার্থীরা তাদের নিজস্ব ভাষায় অধ্যয়নের সুযোগ পায় এবং আগামী দিনে আরও ভালো ফল করতে পারে। নিজের ভাষায় লেখাপড়া করা একজন শিক্ষার্থীকে কোনো ভাষার বাধা ছাড়াই উদ্ভাবনী চিন্তা করার সুযোগ প্রদান করে'।

শিক্ষামন্ত্রকের তরফে আরও জানানো হয়েছে, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতিতে এই ধারণাটি প্রকাশ করা হয়েছিল। যাতে উল্লেখ করা হয়েছে, নিজস্ব ভাষায় লেখাপড়া যুব সমাজকে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং শিক্ষাগত উন্নয়নের দিকে আরও বেশি অগ্রসর করে। ফলে এই কর্মসূচি ২০৪৭ সালের মধ্যে আমাদের দেশকে উন্নত জাতি হিসাবে গড়ে তোলার পথকে প্রশস্ত করবে।

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই গত দুই বছরে এই লক্ষ্যে কাজ শুরু করেছে। 'অনুবাদিনী' (Anuvadini) এআই ভিত্তিক একটি অ্যাপের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, আইন, স্নাতক, স্নাতকোত্তর সহ বিভিন্ন বইয়ের অনুবাদ করা হয়েছে। এই বইগুলো 'একুম্ভ পোর্টালে' (Ekumbh Portal) পাওয়া যাচ্ছে। 'দীক্ষা পোর্টালে' (DIKSHA Portal) ৩০ টিরও বেশি ভারতীয় ভাষায় পড়াশোনার সামগ্রী পাওয়া যাচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement