Nalasopara Fire: মহারাষ্ট্রের বহুতলে বিধ্বংসী আগুন, ২ মহিলার মৃত্যু, উদ্ধার ৩০ জন বাসিন্দা
মহারাষ্ট্রের পালঘর জেলার নালাসোপাড়ায় একটি বহুতল আবাসন ‘ইম্পেরিয়াল হাইটস’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে লাগা এই আগুনে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
Nalasopara Fire: মহারাষ্ট্রের পালঘর জেলার নালাসোপাড়ায় একটি বহুতল আবাসন ‘ইম্পেরিয়াল হাইটস’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে লাগা এই আগুনে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে দুই মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। দমকল কর্মীদের সময়োচিত পদক্ষেপে বহুতলের উপরের তলায় আটকে থাকা প্রায় ২৫ থেকে ৩০ জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
যেভাবে ছড়ায় আগুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আছোলে এলাকার নালাসোপাড়া-ভাসাই লিংক রোডে অবস্থিত আবাসনটিতে রাত ১১টা ৩০ মিনিট নাগাদ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন বহুতলটির বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। বিশেষ করে ১৩ এবং ১৪ নম্বর তলায় আগুনের তীব্রতা সবচেয়ে বেশি ছিল। এছাড়া ৩ এবং ৯ নম্বর তলাতেও আগুনের ফুলকি দেখতে পাওয়া যায় এবং ১২ নম্বর তলার রিফ্যুজ ফ্লোরের প্রবেশদ্বার ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভাসাই-ভিরার শহর পুরসভার দমকল বাহিনী, পুলিশ এবং পুর আধিকারিকরা। টার্নটেবিল ল্যাডার (TTL) ও দমকলের একাধিক ইঞ্জিনের সাহায্যে এক বিশাল উদ্ধারকার্য শুরু করা হয়।
দেখন ভিডিও
হতাহত ও উদ্ধারকাজ
দমকল কর্মীরা দ্রুত সিঁড়ি ও বিশেষ মই ব্যবহার করে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করেন। এই ঘটনায় নিহত দুই নারী হলেন ফাল্গুনী শাহ (৫০) এবং অশ্বিনী পারকর (৫০)। ভাসাই-ভিরার পুরসভার তুলিঞ্জ হাসপাতালের প্রধান ডঃ কবিতা জগদা জানান, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বিষাক্ত ধোঁয়া শ্বাসনালীতে প্রবেশের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। উদ্ধার হওয়া গৃহহীন পরিবারগুলোর সাময়িক আশ্রয়ের জন্য কাছের কয়েকটি ব্যাংকুয়েট হল ও হোটেল খুলে দেওয়া হয়েছে।
তদন্তের নির্দেশ পুরসভার
ভাসাই-ভিরার শহর পুরসভার কমিশনার পৃথিবীরাজ বি.পি. জানিয়েছেন, কীভাবে এই আগুন লাগল তা জানতে একটি পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। ইলেকট্রিক্যাল প্যানেলে শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, ভবনটির নির্মাণ অনুমতি, ফায়ার সেফটি ক্লিয়ারেন্স এবং অগ্নিনির্বাপক ব্যবস্থা সচল ছিল কি না—সেই সমস্ত বিষয় খতিয়ে দেখে কোনো গাফিলতি পাওয়া গেলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।