Dog Attack: ৩৫ জনেরও বেশি মানুষকে কামড়ানোর পর ধরা পড়ল ক্ষিপ্ত পথ কুকুর
মধ্যপ্রদেশের শিবপুরীতে এক ভয়াবহ পথকুকুরের হামলায় তীব্র চাঞ্চল্য। শিশুসহ প্রায় ৩৫ জনেরও বেশি মানুষকে কামড়ে ক্ষতবিক্ষত করেছে একটি ক্ষিপ্ত পথকুকুর।
Dog Attack: মধ্যপ্রদেশের শিবপুরীতে এক ভয়াবহ পথকুকুরের হামলায় তীব্র চাঞ্চল্য। শিশুসহ প্রায় ৩৫ জনেরও বেশি মানুষকে কামড়ে ক্ষতবিক্ষত করেছে একটি ক্ষিপ্ত পথকুকুর। শহরের একাধিক এলাকায় একযোগে তাণ্ডব চালানোর পর অবশেষে পুরসভার বিশেষ দল কুকুরটিকে উদ্ধার করে খাঁচাবন্দি করে ধরে ফেলে। আক্রান্তদের তাৎক্ষণিকভাবে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাঁদের অ্যান্টি-রেবিস প্রতিষেধক দেওয়া হয়েছে। কুকুরটি জলাতঙ্কে আক্রান্ত কি না, তা খতিয়ে দেখতে আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঠিক কী হয়েছে
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালের মধ্যে ঘটনাটি ঘটে। শিবপুরীর মণিয়ার, গুরুদুয়ারা চৌরাহা, লোহারপুরা এবং পুরানি শিবপুরীর রাধারাণ মন্দিরের সংলগ্ন এলাকাগুলিতে পর পর লোকজনের ওপর হামলা চালায় ওই পথকুকুরটি। স্থানীয় বাসিন্দা রূপেশ উপাধ্যায় জানান, তাঁদের এলাকাতেই প্রায় ৫ জন কুকুরের আক্রমণের শিকার হন, যার মধ্যে তাঁর ভাই হৃদেশ এবং ৬ বছরের এক শিশুও রয়েছে।
চিকিৎসা কেন্দ্রে কুকুর কামাড়ানো মানুষদের ভিড়
শনিবার গভীর রাত থেকে রবিবারের সকাল পর্যন্ত আক্রান্তরা একের পর এক চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে শুরু করেন। জেলা হাসপাতালের নার্স রশ্মি সোলাঙ্কি জানান, রবিবার সকাল ১০টার মধ্যেই প্রায় ৩৫ জন আক্রান্তকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা (Anti-Rabies Vaccine) দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কয়েকজন জখম ব্যক্তি স্থানীয় বেসরকারি হাসপাতালেও চিকিৎসার জন্য ছোটেন।
কী পদক্ষেপ নেয় প্রশাসন
পরিস্থিতির গুরুত্ব বুঝে জেলা হাসপাতালের সিভিল সার্জন পুরসভাকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন। বার্তা পাওয়ার পরেই পুরসভার একটি বিশেষ উদ্ধারকারী দল অভিযানে নামে। পুরসভার মুখ্য কর্মকর্তা যশবন্ত রাঠোর জানান, রবিবার সকালে কুকুরটিকে সফলভাবে ধরে ফেলা হয়েছে। কুকুরটির আচরণ কিছুদিন পর্যবেক্ষণ করার পরই স্পষ্ট হওয়া যাবে যে সেটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না।