Pahalgam Terror Attack: পহেলগাঁও জঙ্গি হামলার জেরে দিল্লিতে হেনস্থার শিকার কাশ্মীরি পড়ুয়া, আটক হোস্টেল কর্মী
যদিও এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নয়াদিল্লিঃ পহেলগাঁও জঙ্গি হামলায় যখন উত্তাল গোটা দেশ, তখন জামিলা মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে হেনস্থার শিকার কাশ্মীরি পড়ুয়া। তরুণীকে হেনস্থার অভিযোগে আটক হোস্টেলের কর্মী। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ২৭ এপ্রিল রাত ৯.৩০ টা নাগাদ। আচমকাই দ্বিতীয় বর্ষের পড়ুয়ার উপর চড়াও হয় অভিযুক্ত। উত্তাল হয়ে ওঠে হোস্টেল চত্বর। খবর দেওয়া হয় পুলিশে। এরপর পুলিশ এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। জানা গিয়েছে, সম্প্রতি পহেলগাঁওয় হত্যাকাণ্ডের প্রতিবাদেই ওই কাশ্মীরি পড়ুয়ার উপর আক্রমণ করা হয়। এই ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কাশ্মীরি পড়ুয়াকে হেনস্থা, উত্তপ্ত দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়
কলেজের কিছু পড়ুয়া জানায়, বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটের সামনে ঘটনাটি ঘটে। আচমকাই ওই পড়ুয়াকে আক্রমণ করেন ওই হোস্টেল কর্মী। প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বৈসারন ভ্যালির পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটে। ২৬ জন নিরীহ পর্যটককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। চোখের সামনে নিজের প্রিয়জনের মৃত্যু দেখেন পর্যটকেরা। এই ঘটনার পর থেকে উত্তাল গোটা দেশ। অন্যদিকে কাশ্মীরে জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কে ফের চিড় ধরেছে। পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনীতিক পদক্ষেপ করেছে ভারত সরকার। পাল্টা পদক্ষেপ করেছে পাক সরকারও। সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দেশের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে দিল্লিতে দফায় দফায় বৈঠক চলছে।
পহেলগাঁও জঙ্গি হামলার জেরে দিল্লিতে হেনস্থার শিকার কাশ্মীরি পড়ুয়া