Jammu And Kashmir: অনন্তনাগে ৩ দিন ধরে চলছে গুলির লড়াই, প্রাণ গেল নিখোঁজ আরও এক জওয়ানের
শুক্রবার দুপুরে সেনা বাহিনীর ওই নিখোঁজ জওয়ানের প্রাণহানির খবর মেলে। বুধবার থেকে টানা এনকাউন্টার চলছে অনন্তনাগের কোকেরনাগে। জঙ্গিরা কোথায় লুকিয়ে, সে বিষয়ে ড্রোন দিয়ে তল্লাশি শুরু হয়।
শ্রীনগর, ১৫ সেপ্টেম্বর: অনন্তনাগ এনকাউন্টারে শহিদ হলেন আরও এক সেনা। অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে লড়াই চলাকালীন সেনা বাহিনীর ওই জওয়ান নিখোঁজ হন। সেই থেকে তাঁর খোঁজে চলছিল তল্লাশি। শুক্রবার দুপুরে সেনা বাহিনীর ওই নিখোঁজ জওয়ানের প্রাণহানির খবর মেলে। বুধবার থেকে টানা এনকাউন্টার চলছে অনন্তনাগের কোকেরনাগে। জঙ্গিরা কোথায় লুকিয়ে, সে বিষয়ে ড্রোন দিয়ে তল্লাশি শুরু হয়। সেই সঙ্গে জঙ্গিদের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে, তাতে গ্রেনেড লঞ্চারও ব্যবহার করছে।
কোকেরনাগে লস্কর জঙ্গিদের একটি দল লুকিয়ে রয়েছে বলে খবর মেলে মঙ্গলবার। ফলে বুধবার ভোর থেকে অনন্তনাগ জুড়ে একযোগে তল্লাশি অভিযান শুরু করে সেনা বাহিনী এবং জম্মু কাশ্মীর পুলিশ। যার জেরে কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধনচচোক এবং জম্মু কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাটের গুলি লেগে মৃত্যু হয়। বুধবার পরপর তিনজনের মৃত্যুর পর শুক্রবার প্রাণ গেল আরও এক জওয়ানের।