ISRO Launches EOS05: মহাকাশে ভারতের নতুন চোখ, সফলভাবে উৎক্ষেপণদেশের প্রথম জিওসিনক্রোনাস ইমেজিং স্যাটেলাইট EOS-05
শুক্রবার ভোরে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা হলো ভারতের প্রথম ভূ-সমলয় বা জিওসিনক্রোনাস আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-05।
ISRO Launches EOS05: শুক্রবার ভোরে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করা হলো ভারতের প্রথম ভূ-সমলয় বা জিওসিনক্রোনাস আর্থ অবজারভেশন স্যাটেলাইট EOS-05। ভোর ২:৫৫ মিনিটে ৫১.৭ মিটার উঁচু এবং ৪২০.৫ টন ওজনের GSLV-F17 রকেট দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে আকাশে পাড়ি দেয়। রকেটটি ২৩৬৭ কেজি ওজনের এই স্যাটেলাইটটিকে নির্ধারিত 'সাব-জিওসিনক্রোনাস ট্রান্সফার অরবিট'-এ সঠিকভাবে স্থাপন করেছে।
জিএসএলভি-র জন্য রেকর্ড সাফল্য
এটি ছিল ভারতের জিএসএলভি (GSLV) রকেটের ১৯তম উড্ডয়ন এবং শ্রীহরিকোটা থেকে ১০৭তম উৎক্ষেপণ। স্বদেশী সিইউএস১৫ (CUS15) ক্রায়োজেনিক আপার স্টেজে চালিত এই রকেটটি জিএসএলভি কর্মসূচির ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে ভারী পেলোড বহন করে এক নতুন রেকর্ড তৈরি করেছে।
উৎক্ষেপণের পর ইসরোর প্রধান ভি নারায়ণন মিশন কন্ট্রোল রুম থেকে জানান, কাঠামোগত পরিবর্তন ও পারফরম্যান্স উন্নয়নের মাধ্যমে জিএসএলভি রকেটের বহন ক্ষমতা পূর্বে ১৫৩৬ কেজি থেকে বাড়িয়ে বর্তমানে ২৩৬৭ কেজিতে উন্নীত করা সম্ভব হয়েছে।
দেখুন ভিডিও
দেখুন ছবিতে
মহাকাশ থেকে অবিরাম নজরদারি
পৃথিবী থেকে প্রায় ৩৬,০০০ কিলোমিটার উঁচুতে অবস্থান করবে এই 'আই ইন দ্য স্কাই' বা মহাকাশের চোখ। পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে তাল মিলিয়ে অবস্থান করার ফলে এটি ভারতীয় উপমহাদেশের ওপর নিরবচ্ছিন্নভাবে নজরদারি চালাতে পারবে।
উচ্চমানের অপটিক্যাল, মাল্টি-স্পেকট্রাল এবং হাইপার-স্পেকট্রাল সেন্সর সমৃদ্ধ এই স্যাটেলাইটটি ভারতের একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাহায্য করবে:
দুর্যোগ ব্যবস্থাপনা: সাইক্লোন, হঠাৎ মেঘভাঙা বৃষ্টি, বন্যা এবং দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের দ্রুত ও রিয়েল-টাইম ট্র্যাকিং।
সীমান্ত ও সামুদ্রিক নজরদারি: দেশের সীমান্ত এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদারে কৌশলগত পর্যবেক্ষণ।
পরিবেশ ও সম্পদ ব্যবস্থাপনা: কৃষি, মহাসমুদ্র ও জলসম্পদ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ।
আগামী দিনের লক্ষ্যমাত্রা
চলতি বছরের জানুয়ারিতে পিএসএলভি (PSLV-C62) মিশনের ব্যর্থতার ধাক্কা কাটিয়ে এই সাফল্য ইসরোর আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিল। এই জয়ের পর ইসরো প্রধান ভি নারায়ণন জানান, চলতি অর্থবর্ষে ভারতের ঝুলিতে রয়েছে আরও ছয়টি বড় মিশন। যার মধ্যে অন্যতম হলো 'NVS-03' নেভিগেশন স্যাটেলাইট এবং ভারতের মানব মহাকাশ যাত্রা 'গগনযান' (Gaganyaan) প্রকল্পের প্রথম চালকহীন পরীক্ষামূলক ফ্লাইট।