Haryana Shocker: পারিবারিক অশান্তির জেরে দিদিকে গুলি করে খুন করল ভাই, ঘটনার তদন্তে নেমেছে হরিয়ানা পুলিশ
নিজের দিদিকে গুলি করে নৃশংসভাবে খুন করল এক ব্যক্তি। বুধবার দুপুরে হরিয়ানার সোনিপত জেলার বাদওয়াসনি গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিজের দিদিকে গুলি করে নৃশংসভাবে খুন করল এক ব্যক্তি। বুধবার দুপুরে হরিয়ানার সোনিপত (Sonipat) জেলার বাদওয়াসনি গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর মূল অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। অন্যদিকে মৃত মহিলার দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, পারিবারিক অশান্তির জেরেই প্রীতি নামক ওই মহিলাকে খুন করেছে তাঁর ভাই পরমজিৎ। যদিও অশান্তি কী কারণে হচ্ছিল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও ফরেন্সিক বিভাগের আধিকারিকরা।
ঘটনার পর পলাতক অভিযুক্ত
জানা যাচ্ছে, প্রীতি নামক ওই মহিলার চারবছর আগে বিয়ে হয়েছিল। মাসখানেক আগে সে তাঁর সন্তানকে নিয়ে বাপেরবাড়িতে ঘুরতে আসে। প্রতিবেশীরা জানিয়েছেন, এদিন দুপুরে আচমকাই প্রীতির সঙ্গে পরমজিতের বচসা লাগে। সেই ঝামেলা চলাকালীন মহিলাটি সদর দরজা খুলে বাড়ির সামনের রাস্তা দিয়ে পালাতে থাকে। তখনই পরমজিৎ পেছন থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তারপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় সে।
পাঁচ রাউন্ড গুলি লাগে মহিলার শরীরে
এদিকে প্রতিবেশীরা স্থানীয় থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিিক তদন্তে জানা যাচ্ছে, মহিলার শরীরে পাঁচ রাউন্ড গুলি লাগে। যার জেরেই ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। এদিকে ঘটনার পর নিখোঁজ অভিযুক্ত পরমজিৎ।