Suriya: প্রিয় অভিনেতার জন্মদিনে ব্যানার লাগাতে গিয়ে দুর্ভোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু সুরিয়ার দুই ভক্তের

গতকাল ২৩ জুলাই ছিল দক্ষিণী অভিনেতা সুরিয়ার জন্মদিন। সুপারস্টারের জন্মদিন উপলক্ষ্যে তাঁর ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই ভক্তের।

Suriya (Photo Credits: Instagram)

প্রিয় অভিনেতা সুরিয়ার (Suriya) জন্মদিন। সেই উপলক্ষ্যে ভক্তদের মধ্যে চলছিল উদযাপন। কিন্তু খুশির উদযাপন মুহূর্তে শোকে পরিণত হল। দক্ষিণী সুপারস্টারের জন্মদিন উপলক্ষ্যে তাঁর ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই ভক্তের। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) পালনাডু জেলার মপুলাভারিপালেম গ্রামের ঘটনা। উত্তেজনা ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে।

গতকাল ২৩ জুলাই ছিল দক্ষিণী অভিনেতা সুরিয়ার জন্মদিন। প্রিয় তারকাদের জন্মদিন নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা বরাবরের লক্ষণীয় বিষয়। কিন্তু সেই উদযাপনের মাঝে এমন এক দুঃস্বপ্নমত ঘটনা ঘটে যাবে তা কেউ হয়ত ভাবেনি। প্রিয় অভিনেতার জন্মদিনে তাঁর ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দুই যুবকের। পুলিশ সূত্রে খবর, মৃত দুই যুবকের নাম এন ভেঙ্কটেশ এবং পি সাই। ফ্লেক্সের একটি লোহার রড ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার ফলে এই দুর্ঘটনা ঘটে। তৎক্ষণাৎ ওই দুই যুবকের মৃত্যু হয়। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।

পুলিশ আরও জানান, মৃত দুই যুবক নরসারাওপেটের একটি বেসরকারি কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। ভাইয়ের মৃত্যু প্রসঙ্গে পি সাইয়ের দিদি কলেজ কর্তৃপক্ষকেই দায়ি করেছেন। তাঁর কথায়, 'কলেজের গাফিলতির কারণে ভাইয়ের মৃত্যু হয়েছে। কলেজ আমাদের ছাত্রদের নিরাপত্তা ও পর্যবেক্ষণের আশ্বাস দিয়েছিল। কিন্তু ছাত্রদের সুরক্ষা ও নজরদারি করতে ব্যর্থ হয়েছে তারা। আমার ভাইয়ের মৃত্যুর দায় কলেজের'।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement