Indian Idol 16 Winner: ইন্ডিয়ান আইডল ১৬ জিতলেন ওড়িশার জ্যোতির্ময়ী নায়ক, ইতিহাস গড়ে জিতলেন ২০ লাখ টাকা
দীর্ঘ ১০ মাসের জমজমাট লড়াইয়ের পর পর্দা নামল জনপ্রিয় গান নির্ভর রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল ১৬'-এর। ২৪ বছর বয়সী উদীয়মান সংগীতশিল্পী জ্যোতির্ময়ী নায়ক এই সিজনের বিজয়ী নির্বাচিত হয়েছেন।
Indian Idol 16 Winner: দীর্ঘ ১০ মাসের জমজমাট লড়াইয়ের পর পর্দা নামল জনপ্রিয় গান নির্ভর রিয়েলিটি শো 'ইন্ডিয়ান আইডল ১৬'-এর। ২৪ বছর বয়সী উদীয়মান সংগীতশিল্পী জ্যোতির্ময়ী নায়ক এই সিজনের বিজয়ী নির্বাচিত হয়েছেন। জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফাইনালে জব্বলপুরের প্রতিযোগী তানিষ্ক শুক্লাকে হারিয়ে কাঙ্ক্ষিত ট্রফি ও ২০ লাখ টাকার নগদ পুরস্কার নিজের নামে করে নেন তিনি। প্রথমার্ধের বিজয়ী হিসেবে প্রথম রানার্স-আপ হয়েছেন তানিষ্ক। এই জয়ের মাধ্যমে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন জ্যোতির্ময়ী। প্রথম ওড়িয়া প্রতিযোগী হিসেবে ইন্ডিয়ান আইডলের ট্রফি উঁচিয়ে ধরলেন তিনি, যা তাঁর নিজ রাজ্য ওড়িশার জন্য এক বিরাট মাইলফলক।
মিউজিক থেরাপি থেকে সুরের সেরা মঞ্চ
ইন্ডিয়ান আইডলে আসার আগে জ্যোতির্ময়ী একজন পেশাদার 'মিউজিক থেরাপিস্ট' হিসেবে কর্মরত ছিলেন। তিনি সংগীতে কণ্ঠের দ্যোতনা ব্যবহার করে ক্যানসার রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন। শাস্ত্রীয় ও ভক্তিগীতির ওপর বিশেষ তালিম নেওয়া এই শিল্পী তাঁর এই সাফল্যের পেছনে সেইসব ক্যানসার রোগীদের ভালোবাসা ও আশীর্বাদকে মূল শক্তি হিসেবে দেখছেন। প্রতিযোগিতার মাঝে কয়েকবার এলিমিনেশনের ঝুঁকিতে পড়লেও, দর্শকদের বিপুল ভোটের সমর্থনেই তিনি পৌঁছে যান চূড়ান্ত ট্রফির দোড়গোড়ায়।
১০ মাসের দীর্ঘতম সিজন
২০২৫ সালের অক্টোবরে 'ইয়াদোঁ কি প্লেলিস্ট' থিম নিয়ে শুরু হয়েছিল ইন্ডিয়ান আইডল সিজন ১৬। দর্শকদের টানা আগ্রহ ও আকাশচুম্বী টিআরপি-র কারণে শো-টির মেয়াদ দু'বার তিন মাস করে বাড়ানো হয়। ফলে প্রায় ১০ মাস ধরে চলা এই সিজনটি ইন্ডিয়ান আইডলের ইতিহাসে অন্যতম দীর্ঘতম সিজনে পরিণত হয়।
এই সিজনের বিচারকের আসনে ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানি এবং জনপ্রিয় র্যাপার বাদশাহ। ফাইনাল শেষে বিচারক শ্রেয়া ঘোষাল সব প্রতিযোগীর পরিশ্রম ও নিষ্ঠার প্রশংসা করেন।
তারকাখচিত গ্র্যান্ড ফাইনাল
গ্র্যান্ড ফাইনালে বিজয়ী জ্যোতির্ময়ী ও তানিষ্ক ছাড়াও দুর্দান্ত পারফর্ম করেন অন্য চার প্রতিযোগী—অংশিকা চোঙ্কার, মনরাজ বীর সিং, মাইসকমে বসু এবং সোহেল সুফি। অনুষ্ঠানটির মেগা ফাইনালে বিশেষ অতিথি হিসেবে মঞ্চ মাতিয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী উষা উত্থুপ, উদিত নারায়ণ, কুমার সানু, পাপন, অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকর এবং শেহনাজ গিল। জয়ের পর জ্যোতির্ময়ী জানান, তিনি এবার বলিউড তথা হিন্দি চলচ্চিত্রে পেশাদার প্লে-ব্যাক গায়িকা হিসেবে ক্যারিয়ার গড়তে চান। পাশাপাশি এই পুরস্কারের অর্থ ভবিষ্যতে কীভাবে ব্যবহার করবেন, তা নিয়ে সঠিক পরিকল্পনা করবেন।