Vikram Gokhle Death Rumour: ‘এখনও মারা যাননি’, স্বামীর ভুয়ো মৃত্যু সংবাদে চটলেন স্ত্রী ভারুশি
মুম্বই, ২৪ নভেম্বরঃ অবস্থা আশঙ্কাজনক, কোমায় রয়েছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে (Vikram Gokhle)। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনের সাপোর্টে। গতকাল রাতে সংবাদমাধ্যম গুলোতে হু হু করে ছড়িয়ে পড়ে প্রবীণ অভিনেতার মৃত্যু সংবাদ। তবে অভিনেতার স্ত্রী ভারুশি গোখলে এক জাতীয় সংবাদ মাধ্যমকে জানান, তাঁর স্বামীর মৃত্যু সংবাদ সম্পূর্ন মিথ্যে (Vikram Gokhle Death Rumour)। সংকটজনক অবস্থায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে বিক্রম গোখলেকে। গতকাল দুপুর থেকে তিনি কোমায় চলে গিয়েছেন। নাড়াচাড়া একেবারেই বন্ধ করে দিয়েছেন।
অভিনেতার স্ত্রী আরও জানান, কিডনি এবং হার্টের নানা সমস্যা রয়েছে তাঁর। সেই কারনেই অবস্থা দিনে দিনে আশঙ্কাজনক হয়ে উঠছে। ৫ নভেম্বর থেকে মহারাষ্ট্রের দিনানাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা বিক্রম গোখলে।
বাবার মৃত্যুর ভুয়ো সংবাদে প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতার মেয়ে বলেন, “তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর অবস্থা খুবই সংকটজনক। কিন্তু তিনি মারা যাননি। তাই ওনার মৃত্যু সংবাদের গুবজ ছড়ান বন্ধ করুন। দয়া করে তাঁর সুস্থতার প্রার্থনা করুন”।