Big Boss Bangla:'তোর কাছে আমারও অস্তিত্ব নেই!' দুর্নিবারের সঙ্গে বচসায় নিজের গালে নিজেই চড় মারলেন জয়িতা
Big Boss Bangla: রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’র অন্দরে ড্রামার পারদ প্রতিদিন নতুন মাত্রা ছুঁচ্ছে। একদিকে যেমন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রাজবীর দে-র ঝোড়ো প্রবেশে ঘরের পারদ তুঙ্গে, ঠিক তখনই মেজাজ হারিয়ে চরম হাসির খোরাক হলেন গায়িকা জয়িতা।
Big Boss Bangla: রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’র অন্দরে ড্রামার পারদ প্রতিদিন নতুন মাত্রা ছুঁচ্ছে। একদিকে যেমন ওয়াইল্ড কার্ড প্রতিযোগী রাজবীর দে-র ঝোড়ো প্রবেশে ঘরের পারদ তুঙ্গে, ঠিক তখনই মেজাজ হারিয়ে চরম হাসির খোরাক হলেন গায়িকা জয়িতা। সম্প্রতি সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহার সঙ্গে তুমুল তর্কাতর্কির মাঝে রাগের মাথায় জয়িতা এমন এক স্ববিরোধী মন্তব্য করে বসলেন, যা শুনে এখন হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
ঠিক কী ঘটেছিল
ঘটনার সূত্রপাত দুর্নিবার ও জয়িতার মধ্যকার কথা কাটাকাটি নিয়ে। ঝগড়া যখন চরম পর্যায়ে, তখন স্পষ্ট গলায় দুর্নিবার বলে ওঠেন, “তোর কোনো অস্তিত্ব নেই আমার কাছে!” দুর্নিবারের এই কথায় মারাত্মক চটে যান জয়িতা। আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে দ্বিগ্বিদিক জ্ঞান হারিয়ে তিনি সজোরে চেঁচিয়ে পালটা বলে বসেন, “আমারও কোনও অস্তিত্ব নেই তোর কাছে!”
কী করলেন দুর্নিবার
শুনেই বেশ কায়দা করে মাথা নেড়ে দুর্নিবার সায় দেন। অর্থাৎ, জয়িতা নিজেই নিজের মুখে স্বীকার করে নিলেন যে দুর্নিবারের কাছে সত্যিই তাঁর কোনো গুরুত্ব বা অস্তিত্ব নেই! রাগের মাথায় ব্যাকরণের এই হাস্যকর ভুল যে নিজেই নিজের ওপর ব্যাকফায়ার করেছে, তা জয়িতা তখন টের না পেলেও দুর্নিবার সুযোগ ছাড়েননি। জয়িতাকে ‘অপদার্থ’ বলে সটান হেঁটে সেখান থেকে বেরিয়ে যান তিনি। এই মজার কথোপকথন আর দুর্নিবারের এক্সপ্রেশনের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় শুরু হয়ে গেছে দেদার ট্রোল ও মিমের বন্যা।
তবে কেবল দুর্নিবারের সঙ্গেই নয়, বিগ বসের ঘরের বাকি সদস্যদের কাছেও ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছেন জয়িতা। ঘরের অন্য প্রতিযোগী নিরঞ্জন, সোহিনী পাল ও আলেকজান্দ্রিয়াকে নিজেদের মধ্যে আলোচনা করতে দেখা যায়। তাঁদের সাফ কথা, রাজবীর দে-র আচরণ পছন্দ না হলেও জয়িতাকে তাঁরা আরও বেশি অপছন্দ করেন। ঘরের অন্যান্য সদস্যদের মতে, স্রেফ নিজের ব্যবহারের জন্যই জয়িতাকে সবার বিষনজরে পড়তে হচ্ছে। সব মিলিয়ে রাজবীরের চাল চালার মধ্যেই জয়িতার এই কাণ্ডজ্ঞানহীন সংলাপ বিগ বসের ড্রামায় বাড়তি বিনোদনের জ্বালানি জুগিয়েছে।