Annu Kapoor on Shah Rukh Khan: শাহরুখই কি শেষ সুপারস্টার? SRK-র পুরনো মন্তব্যে ঘোর দ্বিমত অন্নু কাপুরের, কী যুক্তি

বলিপাড়ায় 'সুপারস্টার' তকমা এবং তার স্থায়িত্ব নিয়ে বিতর্ক বহু পুরনো। বহু বছর আগে অনুপম খেরের এক টক শো-তে শাহরুখ খান নিজেই এক বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন। বিনম্রতার সঙ্গে হলেও তিনি দাবি করেছিলেন, "আমিই বলিউডের শেষ সুপারস্টার।" শাহরুখের সেই বহু চর্চিত মন্তব্য নিয়েই এ বার সুর চড়ালেন প্রবীণ অভিনেতা অন্নু কাপুর।

Annu Kapoor on Shah Rukh Khan.

Annu Kapoor on Shah Rukh Khan: বলিপাড়ায় 'মেগাস্টার' তকমা এবং তার স্থায়িত্ব নিয়ে বিতর্ক বহু পুরনো। বহু বছর আগে অনুপম খেরের এক টক শো-তে শাহরুখ খান নিজেই এক বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন। বিনম্রতার সঙ্গে হলেও তিনি দাবি করেছিলেন, "আমিই বলিউডের শেষ সুপারস্টার।" শাহরুখের সেই বহু চর্চিত মন্তব্য নিয়েই এ বার সুর চড়ালেন প্রবীণ অভিনেতা অন্নু কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসআরকে-র এই দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, ভবিষ্যতের পরিসংখ্যান টেনে এনে প্রশ্ন তুলেছেন ২০৪৫ সালেও শাহরুখের এই জনপ্রিয়তা আদৌ বজায় থাকবে কি না!

"শাহরুখ শেষ সুপারস্টার নন"

সম্প্রতি 'হিন্দি রাশ'-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অন্নু কাপুরকে শাহরুখের সেই ‘লাস্ট অফ দ্য স্টারস’ মন্তব্যের বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে প্রবীণ অভিনেতা পরিষ্কার বলেন, "আমি একেবারেই তেমনটা মনে করি না।" তাঁর মতে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে সংবাদমাধ্যমই এই ধরনের ন্যারেটিভ বা প্রচার তৈরি করে।

অন্নু কাপুর-এর ব্যাখ্যা

অন্নু কাপুর ব্যাখ্যা করেন, "বছরের পর বছর ধরে সংবাদমাধ্যম নির্দিষ্ট কোনো একজন সম্পর্কে এই বয়ান তৈরি করে যে, অমুক ব্যক্তিই বুঝি শেষ সুপারস্টার। রাজেশ খান্নার সময়েও ঠিক এই একই কথা বলা হতো।" এরপরই বলিউডের দীর্ঘতম ক্যারিয়ার এবং গ্রহণযোগ্যতার প্রসঙ্গ টেনে অমিতাভ বচ্চনের সঙ্গে শাহরুখের একটি পরোক্ষ তুলনা টানেন তিনি। অন্নু বলেন, "বলিউডে অমিতাভ বচ্চন, লতা মঙ্গেশকর কিংবা আশা ভোঁসলে যে ধরনের দীর্ঘ ইনিংস খেলেছেন, তার ধারেকাছে কেউ পৌঁছতে পেরেছেন বলে তো মনে হয় না। এত দীর্ঘ সময় ধরে প্রাসঙ্গিক থাকা অত্যন্ত কঠিন কাজ।"

২০৪৫ সালেও কি প্রাসঙ্গিক থাকবেন শাহরুখ?

গণিত ও পরিসংখ্যানের হিসেব দেখিয়ে অন্নু কাপুর আরও বলেন, "যে অভিনেতার (শাহরুখ খান) কথা বলা হচ্ছে, তিনি কাজ শুরু করেছিলেন ১৯৯২ সাল নাগাদ। অর্থাৎ ইন্ডাস্ট্রিতে তাঁর কাজের বয়স প্রায় ৩৪ বছর। অমিতাভ বচ্চনের ৫৩ বছরের দীর্ঘ ক্যারিয়ার থেকে এই ৩৪ বছর বাদ দিলে এখনও ১৯ বছর বাকি থাকে। আপনার কি মনে হয় ১৯ বছর পর, অর্থাৎ ২০৪৫ সালেও শাহরুখ খান আজকের মতো একইভাবে প্রাসঙ্গিক থাকবেন? আমার তো একেবারেই তা মনে হয় না।"তবে শাহরুখের ‘শেষ সুপারস্টার’ তকমা নিয়ে দ্বিমত থাকলেও, তাঁর বিশ্বব্যাপী সাফল্য এবং অর্থকড়ির কথা অকপটে স্বীকার করেছেন অন্নু। তিনি যোগ করেন, "তবে এ কথা অস্বীকার করার উপায় নেই যে শাহরুখ খান বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা।"

'ডর' ছবির স্মৃতি ও ব্যক্তিগত জীবনের প্রশংসা

১৯৯৩ সালে যশ চোপড়ার মনস্তাত্ত্বিক থ্রিলার 'ডর' ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করা হলে অন্নু কাপুর জানান, তাঁর সেই কাজের কথা বিশেষ মনেই নেই। প্রবীণ অভিনেতা হাসতে হাসতে বলেন, "শাহরুখ তখন একেবারেই নতুন ছিলেন। আমাদের মধ্যে কী কথা হয়েছিল তা আমার মনে নেই। বরং ওঁর কাছেই গিয়ে জিজ্ঞেস করুন, ওঁর আমার কথা মনে আছে কি না বা আমার থেকে কিছু শিখেছিলেন কি না!" অন্নু জানান, মাত্র তিন দিনের শুটিং ছিল ওঁর। তাই শাহরুখের সঙ্গে তাঁর ব্যক্তিগত যোগাযোগ বা হৃদ্যতা গড়ে ওঠার সুযোগ ছিল না।

শাহরুখের ভূয়সী প্রশংসা

পেশাগত সম্পর্ক না থাকলেও মানুষ হিসেবে শাহরুখের ভূয়সী প্রশংসা করেছেন অন্নু কাপুর। তিনি বলেন, "একজন ভালো বাবা, ভালো স্বামী এবং দায়িত্বশীল ভাই হিসেবে শাহরুখের সুনাম আমি বহু শুনেছি। এই দিকটাই মনে রাখা উচিত। সুপারস্টার তো আসবে আর যাবে, কিন্তু যে মানুষটি নিজের বোন এবং পরিবারের এত খেয়াল রাখেন,সেটিই ওঁর সবচেয়ে বড় সাফল্য।"উল্লেখ্য, কাজের নিরিখে শাহরুখ খানকে আগামী দিনে সিদ্ধার্থ আনন্দের বিগ বাজেট ছবি 'কিং'-এ দেখা যেতে চলেছে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন এবং সুহানা খান।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement