Anjali Arora on Trolls: 'কাঁচা বাদাম' খ্যাত অঞ্জলি অরোরাকে সীতা চরিত্রে নিয়ে ট্রোল, তীব্র সমালোচনার কড়া জবাব অভিনেত্রীর
পৌরাণিক চলচ্চিত্র 'মহাকাব্য শ্রী রামায়ণ কথা' (Mahakavya Shri Ramayan Katha)-য় দেবী সীতার চরিত্রে অভিনয় করার ঘোষণা হতেই নেটপাড়ায় তীব্র ট্রোলিং ও কটাক্ষের মুখে পড়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী অঞ্জলি অরোরা।
Anjali Arora on Trolls: পৌরাণিক চলচ্চিত্র 'মহাকাব্য শ্রী রামায়ণ কথা' (Mahakavya Shri Ramayan Katha)-য় দেবী সীতার চরিত্রে অভিনয় করার ঘোষণা হতেই নেটপাড়ায় তীব্র ট্রোলিং ও কটাক্ষের মুখে পড়েছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী অঞ্জলি অরোরা। 'কাঁচা বাদাম' (Kacha Badam) গানে নাচ করে প্রথমবার ভাইরালে আসা অঞ্জলিকে দেবী সীতার মতো পবিত্র ও গম্ভীর চরিত্রে মানাবে না—এমন নানা মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। বৃহস্পতিবার ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অবশেষে এই সমস্ত ট্রোলিং নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
ট্রোলিং নিয়ে কী বললেন অঞ্জলি অরোরা?
সমালোচকদের উদ্দেশে সরাসরি উত্তর দিয়ে অঞ্জলি জানান, পাবলিক ফিগার হিসেবে সাধারণ মানুষের বিচার করার অধিকারকে তিনি সম্মান জানান, কিন্তু তাই বলে ব্যক্তিগত বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ইতিহাস দেখে কোনও অভিনেতার যোগ্যতা মেপে নেওয়া ঠিক নয়। অঞ্জলি অরোরা বলেন, "আমরা যেহেতু পাবলিক ফিগার, তাই সাধারণ মানুষ আমাদের নিয়ে চর্চা করবেন বা বিচার করবেন, সেই সুযোগ আমরাই তাঁদের দিয়েছি। ইতিবাচক বা নেতিবাচক, যেভাবে খুশি মানুষ বিচার করতেই পারেন। তবে একজন অভিনেতা হিসেবে আমাদের কাছে যে চরিত্রই আসুক না কেন, আমরা নিজেদের ১০০ শতাংশ দিয়েই ফুটিয়ে তোলার চেষ্টা করি। পর্দার অভিনয় দেখার পর বাকি সিদ্ধান্ত দর্শকদের।"
দেখুন কী বললেন অঞ্জলী অরোরা
ভাইরাল নাচের কথা
নিজের ভাইরাল অতীতের প্রসঙ্গ টেনে তিনি আরও যোগ করেন, "সোশ্যাল মিডিয়ায় যা কিছু হয় তা সাময়িক, কিন্তু মানুষ এখনও সেটা কেন মনে রেখেছে বুঝি না। আমি তো অন্য কিছু করিনি, ট্রেন্ড মেনে রিল বানিয়েছিলাম। ট্রোলাররা বলছে আমি আগে নাচ করতাম, তাই সীতার চরিত্র কীভাবে করব? নাচ তো সবাই করে; এমন কোনও অভিনেতা আছেন যিনি নাচেন না? নাচ আমার শখ, আমি একে ভালোবাসি এবং এতে লজ্জার কিছুই নেই।"ছবিতে নিজের অভিনয় দেখে তারপরই চূড়ান্ত মতামত দেওয়ার জন্য দর্শকদের প্রতি অনুরোধ জানান তিনি।
'মহাকাব্য শ্রী রামায়ণ কথা' সিনেমা সম্পর্কিত বিস্তারিত
পৌরাণিক আধ্যাত্মিক কাহিনি নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে প্রধান চরিত্রগুলিতে অভিনয় করছেন দেব শর্মা, অঞ্জলি অরোরা এবং রজনীশ দুগ্গল। ছবির প্রথম টিজার প্রকাশের পরপরই কাস্টিং নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। বিশেষ করে পবিত্র দেব-দেবী চরিত্রে ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া তারকাদের অভিনয় করানো নিয়ে নেটিজেনদের একাংশ আপত্তি তোলেন। সমস্ত বিতর্ক পেরিয়ে ছবিটি আগামী ২৫ সেপ্টেম্বর, ২০২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। একই দিনে মুক্তি পাচ্ছে অন্য একটি বহুল প্রতীক্ষিত ছবি 'দ্য ভান' (The Vvaan)। রামায়ণের এই নতুন চলচ্চিত্র রূপান্তর প্রেক্ষাগৃহে কতটা দর্শক টানতে পারে, সেদিকেই এখন নজর সিনেমা বিশেষজ্ঞদের।