Allu Arjun: জেলযাত্রাতেই থেমে নেই দুর্ভোগ, অল্লু অর্জুনের বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮
সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২-র প্রিমিয়ার দেখতে এসে পদপিষ্ট হয়ে মৃত মহিলার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে এদিন অভিনেতার বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন অভিযুক্তরা।
হায়দরাবাদ, ২২ ডিসেম্বরঃ ভক্তদের ভালোবাসায় অল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত 'পুষ্পা ২: দু রুল' (Pushpa 2: The Rule) ভারতের প্রেক্ষাগৃহে ১০০০ কোটির ব্যবসা পার করেছে। অভিনেতার জেলযাত্রার পর ছবির ব্যবসার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী চেহারা নিয়েছিল। 'পুষ্পা ২'র মুক্তি, অভিনেতার গ্রেফতারি, জামিন এত কিছুর মাঝে রবিবার একদল যুবক ঘটালেন বিশৃঙ্খল কাণ্ড। পাঁচিল টোপকে অল্লুর বাড়ির প্রাঙ্গণে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সদস্যের বিরুদ্ধে।
সন্ধ্যা থিয়েটারে পুষ্পা ২-র প্রিমিয়ার দেখতে এসে পদপিষ্ট হয়ে মৃত মহিলার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলে এদিন অভিনেতার বাড়িতে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটিয়েছেন অভিযুক্তরা। হামলার সময়ে অভিনেতা বাড়িতে ছিলেন না বলেই জানা যাচ্ছে।
অল্লু অর্জুনের বাড়িতে হামলা, ভাঙচুর...
তেলুগও সুপারস্টারের বাড়িতে হামলা, ভাঙচুর করার অভিযোগে হায়দরাবাদের ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির আট সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিশৃঙ্খলার সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, একদল বিক্ষভকারী হাতে পোস্টার নিয়ে অল্লুর অর্জুনের বাড়ির সামনে জড়ো হয়েছেন। তাঁদের মুখে 'বিচার চাই' স্লোগান। তাঁদের মধ্যে থেকে একজন পাঁচিলের উপর উঠে অভিনেতার বাড়ির দিকে লাগাতার ইট ছুঁড়ছেন। আর একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, জোরপূর্বক বাড়ির প্রাঙ্গণে প্রবেশ করে ভাঙচুর চালিয়েছেন আন্দোলনকারীরা। ভাঙা ফুলের টব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে।
অল্লুর বাড়ির প্রাঙ্গণে ঢুকে ভাঙচুর...
বাড়ির পাঁচিলে উঠে ঢিল ছুঁড়ছেন এক বিক্ষোভকারী...
৪ ডিসেম্বরের রাত বদলে দিয়েছে তেলুগু অভিনেতা অল্লু অর্জুনের গোটা জীবন। সেদিন হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) 'পুষ্পা ২: দ্য রুল' (Pushpa 2: The Rule) এর প্রিমিয়ার দেখতে এসে পদপিষ্ট হয়ে মারা যান বছর ৩৫-এর এক মহিলা রেবতী। গুরুতর আহত হন তাঁর ন'বছরের ছেলে শ্রী তেজ। সেই ঘটনার জেরে পুলিশ গ্রেফতার করে অল্লুকে (Allu Arjun Arrested)। অন্তর্বর্তী জামিনে মুক্তি পেয়েছেন তিনি। গ্রেফতারি এবং জেলমুক্তির পর এবার অভিনেতার বাড়িতে বিক্ষোভকারীদের হামলার ঘটনাও ঘটল।