আমেরিকায় গ্রিন কার্ডের স্বপ্নে বড় ধাক্কা, চাপে ভারতীয় IT কর্মীরা, কী কঠোর পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের
আমেরিকান কর্মীদের কাজের সুযোগ সুরক্ষিত রাখতে এবং ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিল মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।
US PERM Suspended: আমেরিকান কর্মীদের কাজের সুযোগ সুরক্ষিত রাখতে এবং ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে কঠোর পদক্ষেপ নিল মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। অনিয়ম ও প্রতারণার অভিযোগে ইনফোসিস, টিসিএস (TCS), উইপ্রো (Wipro), এইচসিএল (HCL) সহ বিশ্বখ্যাত বেশ কিছু আইটি সংস্থাকে পার্মানেন্ট লেবার সার্টিফেকেশন (PERM) প্রোগ্রাম থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছে মার্কিন শ্রম বিভাগ (US Department of Labour)। এই তালিকায় রয়েছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট (Microsoft) এবং অ্যাডোবি (Adobe)-র মতো সংস্থাও। পাশাপাশি আন্তর্জাতিক ছাত্রদের মাধ্যমে দেশীয় কর্মীদের বেতন কমানোর অভিযোগে হার্ভার্ড, ইয়েল ও স্ট্যানফোর্ডের মতো ৯টি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও শুরু হয়েছে কেন্দ্রীয় তদন্ত।
কেন এই কঠোর ব্যবস্থা?
মার্কিন শ্রমসচিব কিথ সন্ডারলিং (Keith Sonderling) স্পষ্ট জানান, সংস্থাগুলি বিদেশি কর্মীদের স্থায়ী নাগরিকত্ব বা গ্রিন কার্ড দেওয়ার প্রক্রিয়ায় নিয়মের অপব্যবহার করেছে। মাইক্রোসফটের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ: শ্রমসচিব সবচেয়ে বেশি ক্ষোভ প্রকাশ করেছেন মাইক্রোসফটের বিরুদ্ধে। তাঁর মতে, "আমেরিকায় অন্য কোনো সংস্থা এই ব্যবস্থার এতটা অপব্যবহার করেনি, যতটা মাইক্রোসফট করেছে।"
দেখুন ভিডি
জেডি ভ্যান্সের মন্তব্য: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স অভিযোগ করে বলেন, ২০২৫ সালে মাইক্রোসফট যোগ্য মার্কিন কর্মী না পাওয়ার অজুহাত দেখিয়ে ৬ হাজার আমেরিকান কর্মীকে ছাঁটাই করে। অথচ সেই একই সময়ে সংস্থাটি ৬,০০০-এর বেশি H-1B ভিসা অনুমোদন করিয়ে নেয় এবং ৩,৬৮২টি PERM আবেদন জমা দেয়। ভান্সের দাবি, এই PERM আবেদনগুলির মধ্যে প্রায় ১,০০০টি আবেদন ছিল সেই সমস্ত পদের জন্যই, যেখান থেকে আমেরিকান কর্মীদের ছাঁটাই করা হয়েছিল।
ট্রাম্পের ডেপুটি ভান্স বলেন,"H-1B ভিসা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল বিশ্বের সেরা দক্ষ কর্মীদের এমন পদের জন্য আনা, যা আমেরিকানদের দিয়ে পূরণ করা সম্ভব নয়। কিন্তু বর্তমানে এটি প্রতারণার মাধ্যমে পূর্ণ হয়ে উঠেছে।"
PERM প্রোগ্রাম কী এবং এর গুরুত্ব কোথায়?
PERM বা স্থায়ী শ্রমিক শংসাপত্র প্রোগাম (Permanent Labour Certification Program) হলো মার্কিন শ্রম বিভাগের দেওয়া একটি প্রাতিষ্ঠানিক অনুমোদন। কোনো আমেরিকান সংস্থা যখন কোনো বিদেশি কর্মীকে স্থায়ীভাবে গ্রিন কার্ডের জন্য স্পনসর করতে চায়, তখন প্রথম ধাপ হিসেবে PERM লাইসেন্স প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় সংস্থাকে প্রমাণ করতে হয় যে সংশ্লিষ্ট পদের জন্য কোনো যোগ্য মার্কিন কর্মী পাওয়া যায়নি এবং বিদেশি কর্মীকে নিয়োগ করলে দেশীয় কর্মীদের বেতনে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। PERM প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ হওয়ায় সংশ্লিষ্ট সংস্থাগুলি নতুন করে কোনো বিদেশি কর্মীর জন্য গ্রিন কার্ডের আবেদন প্রক্রিয়া শুরু করতে পারবে না।
বিশ্ববিদ্যালয়গুলির ওপর নজরদারি
শ্রম বিভাগের ইনস্পেক্টর জেনারেল অ্যান্থনি ডি'এসপোসিটো (Anthony D'Esposito) জানিয়েছেন, ৯টি নামী বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আদালতের সমন পাঠানো হয়েছে। অভিযোগ, তারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের কম বেতনে নিয়োগ করে দেশীয় কর্মীদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করছিল।
গ্রিন কার্ড প্রত্যাশীদের ওপর কী প্রভাব পড়বে?
নতুন আবেদন থমকে যাবে: এই সমস্ত আইটি সংস্থায় কর্মরত ভারতীয় টেক জায়ান্ট কর্মীদের গ্রিন কার্ডের প্রথম ধাপ (PERM) আপাতত আটকে গেল।
H-1B ভিসা ধারীদের উদ্বেগ: বহু ভারতীয় কর্মী H-1B ভিসায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে গ্রিন কার্ডের অপেক্ষা করেন। PERM স্থগিত থাকায় তাঁদের স্থায়ী বসবাসের স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়ল।