Japan Train Accident Video: লাইনে কাজের সময় এক্সপ্রেস ট্রেনের ধাক্কা, চালকসহ ৪ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
ট্রেন সুরক্ষার ক্ষেত্রে যার খ্যাতি বিশ্বজুড়ে, সেই জাপানেই ঘটে গেল এক মর্মান্তিক ও বিরল রেল দুর্ঘটনা। রেললাইনে আগাছানাশক ওষুধ ছেটানোর কাজ করার সময় একটি দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন চার জন কর্মী।
Japan Train Accident Video: ট্রেন সুরক্ষার ক্ষেত্রে যার খ্যাতি বিশ্বজুড়ে, সেই জাপানেই ঘটে গেল এক মর্মান্তিক ও বিরল রেল দুর্ঘটনা। রেললাইনে আগাছানাশক ওষুধ ছেটানোর কাজ করার সময় একটি দ্রুতগামী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন চার জন কর্মী। বৃহস্পতিবার টোকিওর উত্তরাঞ্চলের 'তোবু নিক্কো লাইন'-এর শিন-কানুমা স্টেশনে ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় তোচিগি প্রিফেকচারাল পুলিশ এবং রেল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
কীভাবে দুর্ঘটনা ঘটে
পুলিশ ও তোবু রেলওয়ে কোং সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাকবলিত ট্রেনটি ছিল টোকিওগামী ‘স্পেসিয়া’ এক্সপ্রেস (Spacia express)। দুর্ঘটনার মুহূর্তে রেললাইনে আগাছা পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন কর্মীরা। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত ৩ জন শ্রমিক এবং তাঁদের ১ জন সুপারভাইজারকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চার জনকেই মৃত বলে ঘোষণা করেন।
দেখুন ভিডিও
উদ্ধারকাজ কীভাবে চলে
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাস্থলে মোট ১০ জনের একটি দল কাজ করছিল। তাঁদের মধ্যে দু'জন সাধারণ কর্মী, তিন জন ওয়াচম্যান (নজরদারি কর্মী) এবং এক জন অন-সাইট সুপারভাইজার সহ বাকি ছয় জন নিরাপদে রয়েছেন। দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন, তাঁরা সকলেই সুরক্ষিত আছেন। তবে ট্রেন আসার সঙ্কেত পাওয়া সত্ত্বেও কর্মীরা কেন লাইন থেকে সরে দাঁড়ালেন না, কিংবা নজরদারির দায়িত্বে থাকা ব্যক্তিরা কী করছিলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
জাপানে এই বিষয়ে কী নিয়ম রয়েছে
জাপানের রেল পরিষেবা সংক্রান্ত নিয়ম অনুযায়ী, রেললাইনে কাজ চলার সময় লাইনের দু'পাশে ওয়াচম্যান মোতায়েন থাকেন। ট্রেন আসতে দেখলে তাঁদের কাজ পতাকা দেখিয়ে কর্মীদের সতর্ক করা এবং ট্রেনের চালককে সংকেত দেওয়া। সঙ্কেত পাওয়ার পর চালক হুইসেল বাজিয়ে সতর্কবার্তা দেন এবং ধীরে ট্রেন পার করেন। প্রাথমিক জেরায় কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের অভাবের (miscommunication) কথা উঠে আসলেও মূল কারণ জানতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে তোবু রেলওয়ে ও স্থানীয় পুলিশ।
জাপানের রেলের বিশেষ সুনাম
উন্নত প্রযুক্তি ও চরম সময়ের নিখুঁত অনুশাসনের জন্য জাপানি রেলের বিশেষ সুনাম রয়েছে। সেখানে এই ধরনের প্রাণঘাতী দুর্ঘটনা অত্যন্ত বিরল। এই অনভিপ্রেত ঘটনায় তোবু রেলওয়ের ডিভিশনাল প্রধান তাকাও সুজুকি গভীর শোক প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তিনি বলেন, "আমরা এই মারাত্মক দুর্ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হবে।" দুর্ঘটনার পর ওই লাইনে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়।