Donald Trump: '৮টি যুদ্ধ থামিয়েছি, নোবেল আমারই পাওনা': পুরস্কার ঘোষণার দু'দিন আগে বিস্ফোরক ট্রাম্প

চলতি বছর নোবেল শান্তি পুরস্কার ঘোষণার ঠিক ৪৮ ঘণ্টা আগে ফের এক চাঞ্চল্যকর দাবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য এবং তিনি এই সম্মান পাওয়ার শতভাগ যোগ্য।

President Donald Trump gestures to reporters as he walks across the South Lawn of the White House, Friday, May 15, 2026, in Washington, on return from Beijing where he met with China's President Xi Jinping. (AP Photo/Jacquelyn Martin)

Donald Trump: চলতি বছর নোবেল শান্তি পুরস্কার ঘোষণার ঠিক ৪৮ ঘণ্টা আগে ফের এক চাঞ্চল্যকর দাবি তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য এবং তিনি এই সম্মান পাওয়ার শতভাগ যোগ্য। তবে নরওয়েজিয়ান নোবেল কমিটি তাঁকে শেষ পর্যন্ত এই সম্মান দেবে কি না, তা নিয়ে প্রকাশ্যে সংশয়ও প্রকাশ করেছেন তিনি।

আগামী ৯ অক্টোবর অসলো থেকে ঘোষণা করা হবে ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার বিজেতার নাম। তার ঠিক আগেই বুধবার ট্রাম্প দাবি করেন, হোয়াইট হাউসে দ্বিতীয় দফায় ফেরার পর থেকে তিনি অন্তত ৮টি আন্তর্জাতিক যুদ্ধ ও সংঘাতের মীমাংসা করেছেন, যা অতীতে কোনো মার্কিন প্রেসিডেন্ট করতে পারেননি।

দাবি ও বিতর্কের কেন্দ্রবিন্দু

ট্রাম্পের দাবি, তাঁর কূটনৈতিক পদক্ষেপে ইসরায়েল-হামাস, ইজরায়েল-ইরান, ভারত-পাকিস্তান, আর্মেনিয়া-আজারবাইজান এবং কম্বোডিয়া-তাইল্যান্ডের মতো একাধিক আন্তর্জাতিক বিরোধ সাময়িকভাবে হলেও শান্ত হয়েছে। তবে ট্রাম্পের এসব দাবির অনেকেই বিরোধিতা করেছেন। বিশেষ করে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে মার্কিন মধ্যস্থতার দাবি শুরু থেকেই সম্পূর্ণ খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। ভারতের বক্তব্য, এই প্রক্রিয়ায় কোনো তৃতীয় পক্ষের মধ্যস্থতা ছিল না।

দেখুন ভিডিও

নোবেল কমিটির ওপর চাপ ও ট্রাম্পের সংশয়

পুরস্কারের দাবি জানানোর পাশাপাশি নোবেল কমিটির নিরপেক্ষতা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি ট্রাম্প। তিনি মন্তব্য করেন, নোবেল কমিটির একটা প্রবণতা রয়েছে যে তাঁর মতো ব্যক্তিত্বদের তারা পুরস্কৃত করতে চায় না। তবে এবার তাঁকে বাদ দিলে তা নোবেল কমিটির নিজস্ব ভাবমূর্তিতেই আঘাত হানবে বলে তিনি সতর্ক করেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের নোবেল পাওয়ার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধান না হওয়া এবং ইরানের সঙ্গে তৈরি হওয়া নতুন সামরিক উত্তেজনা তাঁর এই শান্তি প্রতিষ্ঠার দাবির ওপর বড় প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে রেখেছে।

মনোনয়ন ও ঘোষণার সময়সূচি

চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৭টি নাম মনোনীত হয়েছে, যার মধ্যে ২০৮ জন ব্যক্তি এবং ৭৯টি সংস্থা রয়েছে। কম্বোডিয়া, ইজরায়েল ও পাকিস্তানের মতো বেশ কয়েকটি দেশের নেতারা ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন ও মনোনীত করলেও নোবেল কমিটির ৫০ বছরের গোপনীয়তা নিয়মের কারণে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম জানা যায় না। ট্রাম্প ছাড়া অন্যান্য আলোচনার শীর্ষে থাকা নামগুলোর মধ্যে রয়েছে পোপ লিও, আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC), সেভ দ্য চিলড্রেন এবং সুদানের এমার্জেন্সি রেসপন্স রুমস।

কী স্মরণ করিয়ে দিলেন ট্রাম্প

ট্রাম্প অবশ্য স্মরণ করিয়ে দেন যে গত বছর অর্থাৎ ২০২৫ সালের নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো ২০২৬ সালের জানুয়ারিতে ওভাল অফিসে এসে নিজের নোবেল পদকটি ট্রাম্পকে উপহার দিয়ে গিয়েছিলেন। যদিও নোবেল কমিটি পরে স্পষ্ট করে জানিয়েছিল, নোবেল পদক হস্তান্তর করা হলেও পুরস্কারের অফিশিয়াল স্বত্ব বদলায় না।আগামী ৯ অক্টোবর চূড়ান্ত ঘোষণার মাধ্যমে জানা যাবে ট্রাম্পের এই দাবি শেষ পর্যন্ত আলোর মুখ দেখে কি না। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে এই সম্মান প্রদান করা হবে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement