WB Weather Update: উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় নিম্নমুখী হতে চলেছে তাপমাত্রার পারদ, পূর্বাভাস দিল হাওয়া অফিস

Winter (Photo Credits: PTI)

সকালে ঘন কুয়াশার পাশাপাশি কমেছে দৃশ্যমানতা। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাঁকিয়ে শীতের আমেজ উপভোগ করছেন বঙ্গবাসী। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহভর এমনই আবহাওয়া থাকবে। মধ্যভাগে তাপমাত্রার তেমন হেরফের না হলেও সপ্তাহান্তে পারদ সম্ভাবনা আরও বেশি। চলতি সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডার আমেজ অনুভূত হবে জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। কবে থেকে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হবে? এবার দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সিকিমে তুষারপাতের সম্ভাবনা। আর তার প্রভাব পড়তে পারে সিকিম সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টায় দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমবে বলে ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আর দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রার পারদ সামান্য ঊর্ধ্বমুখী। তার পর তিনদিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, ১১ ডিসেম্বর, বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। উত্তরবঙ্গেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রার পতন হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা খানিকটা বাড়লেও, বুধবার থেকে ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে।

হাওয়া অফিসের পূর্বাভাসে সোমবার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের জেরে আজ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement