Narendra Modi Birthday: প্রদীপ জ্বালানো থেকে সেবা সঙ্কল্প অভিযান, অন্নপূর্ণা দিবস, মোদীর জন্মদিনে আজ বাংলা জুড়ে কী কী করছে সরকার

আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে এবার প্রশাসনিক তৎপরতা এবং রাজনৈতিক উদ্দীপনার এক অভূতপূর্ব মেলবন্ধন দেখছে পশ্চিমবঙ্গের। বাংলায় বিজেপি ক্ষমতা আসার পর এটাই প্রধানমন্ত্রী মোদীর প্রথম জন্মদিন। আর বদলের বাংলায় মোদীর জন্মদিন এখন বড় 'ইভেন্ট'।

Prime Minister Narendra Modi (Photo Credits: X/@narendramodi)

Narendra Modi Birthday: আজ, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনকে কেন্দ্র করে এবার প্রশাসনিক তৎপরতা এবং রাজনৈতিক উদ্দীপনার এক অভূতপূর্ব মেলবন্ধন দেখছে পশ্চিমবঙ্গ। বাংলায় বিজেপি ক্ষমতা আসার পর এটাই প্রধানমন্ত্রী মোদীর প্রথম জন্মদিন। আর বদলের বাংলায় মোদীর জন্মদিন এখন বড় 'ইভেন্ট'। বঙ্গ প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে বেশ কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলির মধ্যে একটি হল, রাজ্যজুড়ে তিন সপ্তাহব্যাপী "সেবা সংকল্প অভিযান" সূচনা করা হবে, যা চলবে ১০ অক্টোবর মহালয়া পর্যন্ত।

গঙ্গার ঘাট থেকে শুরু করে নবান্ন-রাইটার্সে প্রদীপ- আলোর বন্যা

কলকাতার ঐতিহ্যবাহী গঙ্গার ঘাট থেকে শুরু করে নবান্ন ও রাইটার্স বিল্ডিংসের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনগুলোকে প্রদীপ এবং বিশেষ আলোয় সাজিয়ে তোলার প্রস্তুতি শেষ পর্যায়ে। এর সঙ্গেই রাজ্যের প্রায় ৮০ হাজারেরও বেশি স্কুলে আয়োজন করা হচ্ছে "শিশুদের স্বপ্নের ভারত" শীর্ষক চিত্রাঙ্কন, বিতর্ক ও রচনা প্রতিযোগিতা, যেখানে আগামী দিনের উন্নত ভারতের রূপরেখা নিয়ে আলোচনা করবে খুদে পড়ুয়ারা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রধানমন্ত্রীর জীবনভিত্তিক নাটক "নমো সেবা" পরিবেশনের নির্দেশনাও দেওয়া হয়েছে।  পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর দিনটি রাজ্যজুড়ে 'অন্নপূর্ণা দিবস' হিসেবে পালিত হচ্ছে।

"সেবা সেতু" শিবির চালু

প্রধান কর্মসূচির মূল চালিকাশক্তি হতে চলেছে সমাজসেবামূলক উদ্যোগসমূহ। রাজ্যজুড়ে আয়োজন করা হচ্ছে রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা এবং পথনাটিকা। সাধারণ মানুষের সুবিধার্থে ৩ দিনের বিশেষ "সেবা সেতু" শিবির চালু হচ্ছে, যার মাধ্যমে বিভিন্ন সরকারি সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধাপ্রাপ্তি আরও সহজ করা হবে।

আজ অন্নপূর্ণা দিবস

বিশেষ করে অন্নপূর্ণা যোজনার আওতায় রাজ্যের কোটি কোটি যোগ্য মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এককালীন অনুদান পৌঁছানোর প্রক্রিয়াও আজ থেকেই গতি পাচ্ছে। সেই কথা মাথায় রেখে আজ অন্নপূর্ণা দিবসও পালিত হচ্ছে। পাশাপাশি পিএম বিশ্বকর্মা যোজনার আনুষ্ঠানিক সূচনা সহ তরুণ প্রজন্মের জন্য উদ্ভাবনী প্রতিযোগিতার পরিকল্পনাও রাখা হয়েছে। সব মিলিয়ে, উৎসবের মেজাজ আর জনসেবার অঙ্গীকারকে একসূত্রে গেঁথে এক বর্ণাঢ্য আবহে উদযাপিত হচ্ছে প্রধানমন্ত্রীর জন্মদিন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement