Ayan Seal: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন অয়ন শীল, তবে এখনও জেলমুক্তি হচ্ছে না
কুন্তল ঘোষ, সুজয়কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্যের পর এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন হুগলির অয়ন শীল। সিবিআইয়ের করা মামলায় হাইকোর্টে বিশেষ শর্তসাপেক্ষে জামিন দিল অয়নকে।
কুন্তল ঘোষ, সুজয়কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্যের পর এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Teachers Recruitment Scam) জামিন পেলেন হুগলির অয়ন শীল (Ayan Seal)। সিবিআইয়ের করা মামলায় হাইকোর্টে বিশেষ শর্তসাপেক্ষে জামিন দিল অয়নকে। এর আগে ইডির করা এই মামলায় জামিন পেয়েছেন তিনি। যদিও দুটি মামলায় জামিন পাওয়ার পরেও এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না। কারণ পুর নিয়োগ দুর্নীতি মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই কারণে এখনই তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন না। যদিও পুর নিয়োগ দুর্নীতিতে একাধিক মামলায় তিনি জামিন পেয়েছেন, তবে এখনও একটি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই কারণে এখনও তাঁকে জেলেই থাকতে হবে।
এখনই জেলমুক্তি ঘটছে না অয়ন শীলের
প্রথমে পুর দুর্নীতি মামলায় অয়ন শীলকে গ্রেফতার করে ইডি। পরে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই গ্রেফতার করে তাঁকে। এক লক্ষ টাকার সিকিওরিটি বন্ডে তাঁকে জামিন দেওয়া হয়। তবে জেলমুক্তি হলে কলকাতা, উত্তর ২৪ পরগনার ও হুগলির বাইরে বেরোতে পারবেন না তিনি।
উত্তরপত্র কারচুপি করেছিলেন অয়ন শীল
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নেমে ইডি ও সিবিআই ২০২৩ সালে হুগলি থেকে অয়ন শীলকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল উত্তরপত্রে কারচুপি করার। এই মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ অভিযুক্ত ছিলেন অয়ন। সেই কারণে শোন অ্যারেস্ট করা হয়ছিল তাঁকে।