Women's Asia Cup Cricket 2026: বাংলাদেশকে পরাস্ত করে টানা ১০ম বার ফাইনালে ভারত, জ্বলে উঠলেন শেফালি-দীপ্তি
মহিলাদের এশিয়ান ক্রিকেটে ভারতের দাপট অব্যাহত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলাদের এশিয়া কাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
Women's Asia Cup Cricket 2026: মহিলাদের এশিয়ান ক্রিকেটে ভারতের দাপট অব্যাহত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত মহিলাদের এশিয়া কাপ ২০২৬-এর প্রথম সেমিফাইনালে বাংলাদেশকে ৪০ রানে হারিয়ে ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই জয়ের মাধ্যমে এশিয়া কাপের ইতিহাসে টানা দশম বার ফাইনালের টিকিট পেল ভারত। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান তোলে। দলের পক্ষে ওপেনার শেফালি বর্মা সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। জবাবে বাংলাদেশ করে ১০৯ রান। রবিবার ফাইনালে হরমনপ্রীতদের সামনে পাকিস্তান অথবা শ্রীলঙ্কা। আজ, শুক্রবার দ্বিতীয় সেমিতে মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা।
৪০ বলে অনবদ্য ৬৪ রানের ইনিংস শেফালির
অনবদ্য ছন্দে থাকা শেফালি সেমিফাইনালে মাত্র ৪০ বলের মোকাবিলা করে ঝোড়ো ৬৪ রানের একটি ইনিংস উপহার দেন। ১৬০.০০ স্ট্রাইক রেটে খেলা তাঁর এই চমৎকার ইনিংসে ছিল ৭টি চার এবং ৩টি বিশালাকার ছক্কা। বাংলাদেশ বোলিং আক্রমণের বিরুদ্ধে শেফালি একপ্রান্ত থেকে নিয়মিত গতিতে রান তোলেন। শেষ পর্যন্ত ১৪তম ওভারে সুলতানা খাতুনের বলে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরেন।
খারাপ ব্যাটিং বাংলাদেশের
শেফালির পাশাপাশি অধিনায়ক হরমনপ্রীত কাউর অপরাজিত ২৪ রান এবং উইকেটরক্ষক ব্যাটার ঋচা ঘোষ ১৬ বলে ২১ রান করেন। বাংলাদেশের পক্ষে সুলতানা খাতুন ৩০ রানে ২ উইকেট নেন। ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের সুশৃঙ্খল বোলিংয়ের সামনে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ দল। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা মাত্র ১০৯ রান তুলতে সক্ষম হয়। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ২২ রান করেন শোর্না আক্তার।
দীপ্তির ৩ উইকেট
ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। তিনি ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। এছাড়া তরুণ বোলার নন্দনী শর্মা ১০ রানে ২ উইকেট এবং শ্রী চরণে ও প্রেমা রাওয়াত একটি করে উইকেট পান। কাজের কাজ করে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বিদায় জানিয়ে ভারত এখন পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে হতে চলা দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর বিরুদ্ধে ফাইনাল খেলার অপেক্ষায়।