T20 WC 2024 Team India Squad: কেমন হতে পারে টি-২০ বিশ্বকাপে ভারতের স্কোয়াড, যত প্রশ্ন হার্দিককে ঘিরে, জল্পনায় পরাগ

আগামী জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুক্তরাষ্ট্রে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ঘোষণা হতে চলেছে আজ, সোমবার। একটু পরেই জানা যাবে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের জার্সিতে কাদের খেলতে দেখা যাবে।

আগামী জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা যুক্তরাষ্ট্রে শুরু হতে চলা টি-২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ঘোষণা হতে চলেছে আজ, সোমবার। একটু পরেই জানা যাবে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের জার্সিতে কাদের খেলতে দেখা যাবে। ১৭ বছর পর টি-২০ বিশ্বকাপের হাতছানি ভারতের সামনে। রোহিত শর্মা-র নেতৃত্বে আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটের বিশ্বকাপে ভারতীয় দলে কাদের খেলতে দেখা যাবে সেটাই দেখার।

চলতি আইপিএলে বেশ কয়েকজন তরুণ ব্যাটার অবিশ্বাস্য ব্যাটিং করছেন। কিন্তু আইপিএলের পাটা পিচ,আর ছোট মাঠের কথা মাথায় রেখে সেই সব পারফরম্যান্সকে দল নির্বাচনের ক্ষেত্রে খুব বেশী বিবেচনা করা হবে না বলে খবর। মুখ্য নির্বাচক অজিত আগরকর রোহিতের দলে কোন চমক দেন কি না সেটাই দেখার।

দল নির্বাচনে সবচেয়ে বেশী চর্চা হচ্ছে হার্দিক পান্ডিয়া-কে নিয়ে। যে হার্দিক গুজরাট থেকে মুম্বই ইন্ডিয়ন্সের নেতৃত্বভার পেয়ে পুরোপুরি হতাশ করেছেন। রোহিতর পরিবর্তে অধিনায়কত্ব করে হার্দিক শুধু মুম্বইকে ডুবিয়েছেন তাই নয়, ব্যাটে-বলেও একেবারে হতাশ করেছেন। তবু অতীতের রেকর্ডের কথা মাথায় রেখে হার্দিককে একটা সুযোগ দেওয়া হতে পারে। মুম্বই ইন্ডিন্সের অধিনায়কের অসুবিধা হল এবারের আইপিএলে ভারতের তরুণ ক্রিকেটাররা এমন সব ইনিংস খেলছেন, যাতে অতীত ভাঙিয়ে খুব বেশী দিন ভারতীয় দলের থাকার কথা নয়। হার্দিককে অলরাউন্ডার হিসেবে দলে রাখলে, তাঁকে বল করতেই হবে। এদিকে, চোট সারিয়ে ফিরে হার্দিকের বোলিং একেবারে সাদামাটা হয়ে গিয়েছে। তবে লোয়ার অর্ডারে স্পেশালিস্ট ব্যাটার হিসেবে হার্দিক বেশ কার্যকরী।

হার্দিক থাকুন বা নাই থাকুন, আইপিএলে নজরকাড়া শিবম দুবে অবশ্যই থাকছেন। রাজস্থান রয়্য়ালসের অসমিয়া ব্যাটার রিয়ান পরাগের ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স এতটাই নজরকাড়া তাঁকে বিশ্বকাপে না খেলানোটা কঠিন হবে। কেকেআর-এর সুপার ফিনিশার রিঙ্কু সিং স্কোয়াডে থাকছেন। বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজাদের থাকা নিয়েও কোনও সংশয় নেই। প্রশ্ন হল জশপ্রীত বুমরার সঙ্গে মহম্মদ সিরাজ, আর্শদীপ নাকি মুকেশ কুমার, খলিল আহমেদদের সুযোগ দেওয়া হবে।

তবে তার চেয়েও বড় প্রশ্ন উইকেটকিপার হিসেবে কাদের নিয়ে যাওয়া হয়। আইপিএলে অপ্রতিরোধ্য রাজস্থান রয়্য়ালসের অধিনায়ক সঞ্জু স্যামসন-কে বাদ দেওয়া খুব কঠিন হবে। জীবনযুদ্ধে জেতা ঋষভ পন্থ থাকছেন। এবার রাহুল দ্রাবিড়ের পছন্দের কেএল রাহুল-কেও উইকেকিপার-ব্যাটার হিসেবে রাখা হতে পারে।

টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ সম্ভাব্য ভারতীয় স্কোয়াড

ওপেনার (৩): রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি,

মিডল ও লোয়ার অর্ডার (৪)- সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, রিয়ান পরাগ রিঙ্কু সিং।

উইকেটকিপার (২)-সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার)

পেসার অলরাউন্ডার (২)-হার্দিক পান্ডিয়া, শিবম দুবে

স্পিনার অলরাউন্ডার (২)- রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল

স্পেশালিস্ট স্পিনার (১)- কুলদীপ যাদব

পেসার (৩)- জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

টি-২০ বিশ্বকাপ ২০২৪-এর জন্য সম্ভাব্য ভারতীয় দল (১৭ জন)--

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং।

বিবেচনায় থাকবেন যারা- যুজবেন্দ্র চাহাল,মুকেশ কুমার/ খলিল আহমেদ/মায়াঙ্ক যাদব।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement