Wriddhiman Saha: ঋদ্ধির বিদায় মঞ্চে অনুষ্টুপদের সূর্যোদয়, ইডেনে জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরি
ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। শুক্রবার দ্বিতীয় দিনের শেষে বাংলার থেকে এখনও পঞ্জাব ৮৮ রানে পিছিয়ে, হাতে ৭ উইকেট।
ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে চালকের আসনে বাংলা। শুক্রবার দ্বিতীয় দিনের শেষে বাংলার থেকে এখনও পঞ্জাব ৮৮ রানে পিছিয়ে, হাতে ৭ উইকেট। মানে ইনিংস হার এড়াতে হলে পঞ্জাবকে এখনও ৮৯ রান করতে হবে। ৬ নম্বরে নেমে বাংলার পেসার-অলরাউন্ডার সূর্য সিন্ধু জয়সওয়ালের দুরন্ত সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে বাংলা লিড নেয় ১৫২ রানের। জবাবে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে পঞ্জাবের স্কোর ৩ উইকেটে ৬৪ রান। দ্বিতীয় ইনিংসে একটি করে উইকেট নেন সুমিত মোহন্ত ও মহম্মদ কাইফ। পঞ্জাবের ব্যাটার পুখরাজ মান রান আউট হন।
ঋদ্ধিমান সাহাকে গার্ড অফ অনার
এদিন, ইডেনে সম্ভবত শেষবার ব্যাট করতে নামা ঋদ্ধিমান সাহাকে গার্ড অফ অনার দেন ক্রিকেটাররা। তবে আট নম্বরে নামা ঋদ্ধি শূন্য রানে আউট হন। ভাল ইনিংস খেলেন সুমন্ত গুপ্ত (৫৫)।
ইডেনে ঋদ্ধি-কে 'গার্ড অফ অনার' দিলেন দুই দলের ক্রিকেটাররা
সূর্য সিন্ধু- অভিষেকের দারুণ পার্টনারশিপ
সূর্য সিন্ধুকে দুরন্ত সঙ্গ দেন বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল (৫২)। সূর্য ও অভিষেক ষষ্ঠ উইকেটে ৭২ রান যোগ করেন। দশ নম্বরে নেমে মহম্মদ কাইফ ২৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার ৩২ রানে আউট হন।
গত রঞ্জিতে অভিষেক, নিজেকে পেসার-অলরাউন্ডার করতে চান
গত রঞ্জিতে বাংলার জার্সিতে অভিষেক হওয়া পেসার সূর্য সিন্ধু ১০ নম্বরে ব্যাট করেছেন। কিন্তু নিজেকে তিনি পেসার-অলরাউন্ডার হিসেবে তুলে ধরতে চান বলে ব্যাট হাতে বেশ পরিশ্রম করেন। তার ফল পঞ্জাবের বিরুদ্ধে ইডেনে পেলেন।