INDW vs SLW: শ্রীলঙ্কার কাছে হার ভারতের মেয়েদের, বৃথা গেল রিচার দুরন্ত ব্যাটিং

চলতি ত্রিদেশীয় টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার পর এবারের হরমনপ্রীত কৌরের দলকে হারিয়ে চমকে দিল দ্বীপরাষ্ট্রের মহিলা ক্রিকেট দল।

Photo Credits: ICC

কলম্বো, ৪ মে: শ্রীলঙ্কায় ত্রিদেশীয় ওয়ানডে টুর্নামেন্টে আয়োজক দেশের কাছে হেরে গেল ভারতীয় মহিলা দল। ভারতের ২৭৫ রানের জবাবে ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে জিতল শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল। চলতি ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকার পর এবারের হরমনপ্রীত কৌরের দলকে হারিয়ে চমকে দিল দ্বীপরাষ্ট্রের মহিলা ক্রিকেট দল। শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে দারুণ কায়দায় রান তাড়া করে জিতলেন লঙ্কার ব্যাটাররা। ৩৩ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেলে ম্য়াচের সেরা নির্বাচিত হলেন লঙ্কার ব্যাটার নীলাশিখা সিলভা। তিনে নেমে ৫৩ রানের দারুণ ইনিংস খেলে দলকে ঠিক পথে নিয়ে যান লঙ্কান ব্যাটার হরশিসথা সমরাবিক্রমা।

দারুণ ব্যাট করলেন শ্রীলঙ্কার ব্যাটাররা

শেষের দিকে মাথা ঠান্ডা রেখে ব্যাট করে জিতিয়ে আনলেন দুই টেলেন্ডার- আটে নামা অনুষ্কা সেনজিওয়ানি (২৩ অপরাজিত) ও ৯ নম্বরে ব্যাট করতে নামা সুগন্ধিকা কুমারী (১৯ অপরাজিত)। নীলাশিখা আউট হওয়ার পর মনে হচ্ছিল এবার ভারতের মহিলা দল জিতে যাবে। কিন্তু অষ্টম উইকেটে অবিচ্ছেদ্য ৪০ রানের পার্টনারশিপ করে দলকে জিতিয়ে আনলেন অনুষ্কা ও সুগন্ধিকা। স্নেহ রানা (৩/৪৫) ছাড়া ভারতের বাকি বোলাররা পুরোপুরি হতাশ করলেন।

দারুণ জয় শ্রীলঙ্কার

দুরন্ত ইনিংস বাংলার রিচা ঘোষের

কলম্বোয় এদিন ৬ নম্বরে নেমে বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ (৪৮ বলে ৫৮) দারুণ খেলেন। প্রতিকা রাওয়াল (৩৫) থেকে হরলিন দেওয়াল (২৯), হরমনপ্রীত কৌর (৩০), জেমাইমা রডরিগজ (৩৭) সেট হয়ে আউট হয়ে যান।

কীভাবে ফাইনালে উঠতে পারেন হরমনপ্রীত কৌররা

তিন ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে ভারতীয় মহিলা দল এখনও শীর্ষে আছে ঠিকই, কিন্তু হরমনপ্রীত কৌরদের ফাইনালে উঠতে হলে বুধবার লিগ পর্বে তাদের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। নেট রানরেটে দুই নম্বরে থাকা শ্রীলঙ্কা (৩ ম্যাচে ৪)-র লিগ পর্বে আর একটি ম্যাচ বাকি আছে, শুক্রবার দক্ষিণ আফ্রিকাকে হারাতে হবে। দক্ষিণ আফ্রিকা এখনও ২টি খেলে দুটিতেই হারলেও তাদের দল বেশ শক্তিশালী। ভারত ও শ্রীলঙ্কাকে হারানোর ক্ষমতা প্রোটিয়া মহিলা দলের আছে। তাই এদিন হরমনপ্রীতদের হারে জমে গেল ত্রিদেশীয় সিরিজে ফাইনালে ওঠার লড়াই।

পয়েন্ট তালিকায় কে কোথায়

প্রসঙ্গত, এই ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বে তিনটি দল একে অপরের সঙ্গে দুবার করে খেলছে। ভারতীয় মহিলা দল প্রথম সাক্ষাতে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে ও দক্ষিণ আফ্রিকাকে উত্তেজক ম্যাচে ১৫ রানে হারিয়েছিল। কিন্তু তাদের তৃতীয় ম্যাচে এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ উইকেটে হারলেন হরমনপ্রীত-রা। অন্যদিকে, ভারতের কাছে হতাশার হার দিয়ে শুরু করার পর প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে, তারপর ভারতকে ৩ উইকেটে হারাল আয়োজক দেশ শ্রীলঙ্কা। বুধবার হরমনপ্রীত-রা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিলেই রবিবার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দল। কিন্তু শেষ দুটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতে গেলে নেট রান রেটের বিচারে ফয়সালা হবে কোন দুটি দল ফাইনালে খেলবে, কারণ সেক্ষেত্রে অংশগ্রহণকারী তিনটি দেশরই পয়েন্ট ৪ হয়ে য়াবে।

এখন পয়েন্ট তালিকা

১) ভারত- ৩ ম্যাচে ৪ পয়েন্ট। (নেট রানরেট: ০.৪৩৩)

২) শ্রীলঙ্কা- ৩ ম্যাচে ৪ পয়েন্ট। (নেট রানরেট: - ০.১৬৬)

৩) দক্ষিণ আফ্রিকা- ২ ম্যাচে ০। (দুটি ম্যাচেই হার)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement