Cycling Coach Rape Allegation: নাবালিকা অ্যাথলিটকে ধর্ষণের অভিযোগ, উধাও ভারতীয় দলের বিদেশি সাইক্লিং কোচ! জারি লুকআউট নোটিশ
ভারতের জাতীয় সাইক্লিং দলের কোচিং স্তরের এক বিদেশি কোচের বিরুদ্ধে নাবালিকা ক্রীড়াবিদকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। পাটিয়ালের ‘ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স’ (NCOE)-এ প্রশিক্ষণরত এক নাবালিকা সাইক্লিস্টের অভিযোগের ভিত্তিতে ৩৪ বছর বয়সী ওই কোচের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
Cycling Coach Rape Allegation: ভারতের জাতীয় সাইক্লিং দলের কোচিং স্তরের এক বিদেশি কোচের বিরুদ্ধে নাবালিকা ক্রীড়াবিদকে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠল। পাটিয়ালের ‘ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স’ (NCOE)-এ প্রশিক্ষণরত এক নাবালিকা সাইক্লিস্টের অভিযোগের ভিত্তিতে ৩৪ বছর বয়সী ওই কোচের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযুক্তের নাম মাকসাত আয়াজবায়েভ (Maksat Ayazbayev), যিনি কাজাখস্তানের একজন প্রাক্তন পেশাদার রোড সাইক্লিস্ট। ঘটনা জানাজানি হতেই পলাতক তিনি। অভিযুক্ত দেশ ছেড়ে যাতে পালাতে না পারেন, সে জন্য পুলিশ তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার (LOC) জারি করেছে।
দিল্লি থেকেই নিখোঁজ, বাজেয়াপ্ত পাসপোর্ট
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর পাটিয়ালার সিভিল লাইনস থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নাবালিকা অ্যাথলিট। অভিযোগ ওঠার সময় অভিযুক্ত কোচ দিল্লিতে ছিলেন, কিন্তু তার পর থেকেই তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পাটিয়ালা পুলিশ জানিয়েছে, ওই কোচের পাসপোর্ট ইতোমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাঁকে খুঁজে বের করতে বিশেষ তদন্তকারী টিম গঠন করা হয়েছে। ভারতীয় কন্টিনজেন্টের অংশ হিসেবে এশিয়ান গেমসে অংশ নিতে ওই কোচের জাপানে যাওয়ার কথা ছিল। কিন্তু এই গুরুতর অভিযোগ সামনে আসার পরপরই তাঁর সফর বাতিল করা হয়।
কোচকে বরখাস্ত করল সাইক্লিং ফেডারেশন
ঘটনাটির তীব্রতা দেখে ‘সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া’ (CFI) অবিলম্বে ওই কোচকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে পুরো বিষয়টি তদন্ত করে দেখার জন্য তাদের অভ্যন্তরীণ অভিযোগ কমিটির (Internal Complaints Committee) কাছে পাঠানো হয়েছে। আইনি বাধ্যবাধকতা ও নিরাপত্তার স্বার্থে নির্যাতিতা নাবালিকার নাম-পরিচয় গোপন রাখা হয়েছে। ফেডারেশনের তরফে জানানো হয়েছে, তারা অ্যাথলিটকে যাবতীয় আইনি সহায়তা ও মানসিক ট্রমা কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিচ্ছে।
পাটিয়ালা এনসিওই-এর ভূমিকা
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (SAI)-এর অধীনস্থ নেটাজি সুভাষ ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস (NIS) ক্যাম্পাসে অবস্থিত এই ‘ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স’। আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য অ্যাথলিটদের সেরা প্রশিক্ষণ প্রদান করা হয় এই কেন্দ্রে। আপাতত অভিযুক্ত কোচের সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ ও স্পোর্টস অথরিটির তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।