India at Asian Games 2026: আজ মাঠে নামছেন ভারতের অ্যাথলিটরা, দেখে নিন ১৮ সেপ্টেম্বরের পূর্ণাঙ্গ সূচি
আগামিকাল, শনিবারো ১৯ সেপ্টেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এশিয়ান গেমস ২০২৬-এর আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। তবে উদ্বোধনের আগেই জাপানের আইচি-নাগোয়ায় পদকজয়ের লড়াইয়ে নেমে পড়েছেন ভারতীয় অ্যাথলিটরা।
India at Asian Games 2026: আগামিকাল, শনিবারো ১৯ সেপ্টেম্বর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এশিয়ান গেমস ২০২৬-এর আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে। তবে উদ্বোধনের আগেই জাপানের আইচি-নাগোয়ায় পদকজয়ের লড়াইয়ে নেমে পড়েছেন ভারতীয় অ্যাথলিটরা। আজ, ১৮ সেপ্টেম্বর একাধিক ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবেন ভারতীয় প্রতিনিধিরা। দিনের মূল আকর্ষণ হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
ক্রিকেট: জাপানকে হারিয়ে সেমির লক্ষ্যে হরমনপ্রীতরা
জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ জাপানের মুখোমুখি হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গতবারের সোনা জয়ী দল হিসেবে এবারও খেতাব ধরে রাখার লক্ষ্যে অভিযান শুরু করছে ভারত। ম্যাচটি ভারতীয় সময় সকাল ১০:৩০ টায় শুরু হওয়ার কথা। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি ম্যাচে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।
সফট টেনিস ও টেকবল
হিগাশিয়ামা পার্ক টেনিস সেন্টারে আজ নামবে ভারতের পুরুষ সফট টেনিস দল (যোগেশ চৌধুরী, ওম যাদব, জয় মীনা, অনিকেত চিরাগ প্যাটেল ও আরিয়ান ঠাকুর)। প্রিলিমিনারি রাউন্ডে জয় পেলে আজই কোয়ার্টার ফাইনালে খেলবেন তারা। অন্যদিকে, টেকবলে মহিলা সিঙ্গলস ও মিক্সড ডাবলসের কোয়ালিফিকেশন ও রিপেচেজ রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন কুইন্সি ডিসোজা ও আনাস ইমরান বেগ।
আজকের ভারতীয় অ্যাথলিটদের সময়সূচি (১৮ সেপ্টেম্বর, ২০২৬):
সফট টেনিস (পুরুষ দলগত প্রিলিমিনারি রাউন্ড): যোগেশ চৌধুরী, ওম যাদব, জয় মীনা, অনিকেত চিরাগ প্যাটেল ও আরিয়ান ঠাকুর — সকাল ০৫:৩০ (স্থান: হিগাশিয়ামা পার্ক টেনিস সেন্টার)
টেকবল (মহিলা সিঙ্গলস কোয়ালিফিকেশন ও রিপেচেজ): কুইন্সি ডিসোজা: সকাল ০৬:৩০ (স্থান: নাগোয়া সিটি হিগাশি স্পোর্টস সেন্টার)
টেকবল (মিক্সড ডাবলস কোয়ালিফিকেশন ও রিপেচেজ): আনাস ইমরান বেগ ও কুইন্সি ডিসোজা — সকাল ০৯:০০ (স্থান: নাগোয়া সিটি হিগাশি স্পোর্টস সেন্টার)
ক্রিকেট (মহিলা কোয়ার্টার ফাইনাল - ভারত বনাম জাপান):ভারতীয় মহিলা ক্রিকেট দল (অধিনায়ক: হরমনপ্রীত কৌর) — সকাল ১০:৩০ (স্থান: কোরোগি স্পোর্টস পার্ক, নিশিন)
সফট টেনিস (পুরুষ দলগত কোয়ার্টার ফাইনাল): ভারতীয় পুরুষ সফট টেনিস দল (যোগ্যতা অর্জন সাপেক্ষে) — সময় সূচি অনুযায়ী নির্ধারিত হবে (স্থান: হিগাশিয়ামা পার্ক টেনিস সেন্টার)
গত আসরের ১০৭টি পদকের রেকর্ড ভেঙে এশিয়ান গেমসে এবার আরও বড় সাফল্যের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে ভারতীয় দল।