Asian Games 2026: ক্রিকেটে পদক জেতা হল না বাংলাদেশের মেয়েদের, নিগার সুলতানাদের হারিয়ে ব্রোঞ্জ পাকিস্তানের
এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ব্রোঞ্জ পদক জিতল পাকিস্তান। বাংলাদেশকে পরাস্ত করে তৃতীয় হলেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। জাপানের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে ৩১ রানে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছে গ্রিন শার্টসরা।
Asian Games 2026: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে ব্রোঞ্জ পদক জিতল পাকিস্তান। বাংলাদেশকে পরাস্ত করে তৃতীয় হলেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দল। জাপানের নিশিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে ৩১ রানে হারিয়ে ব্রোঞ্জ জয় করেছে গ্রিন শার্টসরা। অধিনায়ক ফাতিমা সানার বিধ্বংসী ইনিংস এবং স্পিনার উম-এ-হানির অসাধারণ বোলিং নৈপুণ্যে সহজেই জয় তুলে নেয় পাকিস্তান।
আজ দুপুরে ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা
সোনা জেতার লড়াইয়ে একটু পরেই শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে সোনা জয়ের ম্যাচে ওঠেন হরমনপ্রীত কৌররা। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা।
ফাতিমা সানার অলরাউন্ড পারফরম্যান্স
এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে পাকিস্তান। দলের হয়ে অধিনায়ক ফাতিমা সানা সামনে থেকে নেতৃত্ব দিয়ে মাত্র ৩০ বলে ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে অপরাজিত ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ওপেনার গুল ফেরোজা ২৩ বলে ৩১ এবং আলিয়া রিয়াজ ২২ বলে ২৫ রান করে দলীয় সংগ্রহ বড় করতে সাহায্য করেন। বাংলাদেশের পক্ষে ঋতু মনি, স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার ২টি করে উইকেট শিকার করেন।
উম-এ-হানির স্পিন জাদুতে ধরাশায়ী বাংলাদেশ
১৪৬ রানের জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। শারমিন আক্তার ৪৫ বলে অপরাজিত ৪৬ এবং অধিনায়ক নিগার সুলতানা ২৫ রান করলেও দলের জয় নিশ্চিত করতে পারেননি। পাকিস্তানের জয়ে বল হাতে মূল ভূমিকা রাখেন উম-এ-হানি। তিনি তাঁর ৪ ওভারের স্পেলে মাত্র ১০ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট ঝুলিতে পুরেন। এ ছাড়া তাসমিয়া রুবাব, ফাতিমা সানা, নাশ্রা সান্ধু এবং আয়েশা জাফর ১টি করে উইকেট নেন। সেমিফাইনালে হারের ধাক্কা সামলে উঠে ব্রোঞ্জ ম্যাচ জিতে পোডিয়ামে শেষ করল পাকিস্তানের মেয়েরা।