Khelo India University Games: খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের ম্যাসকট, লোগো উদ্বোধনে থাকছেন অনুরাগ ঠাকুর, যোগী আদিত্যনাথ
দেশের ২০০-এর বেশি বিশ্ববিদ্যালয়ের ৪৭০০ টিরও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে
খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস-এর লোগো, জার্সি, মাসকট ও শ্লোগান শুক্রবার উদ্বোধন করবেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২৩ মে থেকে ৩ জুন পর্যন্ত চলবে তৃতীয় খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস। আগামী ২৫ মে লখনউয়ের বাবু বেনারসী দাস বিশ্ববিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠান হবে। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছাড়াও যুব বিষয়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রী গিরিশচন্দ্র যাদব এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। আসন্ন কেআইইউজি সংস্করণে সারা দেশের ২০০-এর বেশি বিশ্ববিদ্যালয়ের ৪৭০০ টিরও বেশি ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে, মোট অংশগ্রহণ ৭০০০ এরও বেশি। এবারের আসরে খেলার ডিসিপ্লিনের সংখ্যা ২১টি, যা বিশ্ববিদ্যালয় গেমসের ইতিহাসে সর্বোচ্চ। রোয়িংও প্রথমবারের মতো চালু করা হচ্ছে।