Milk Tanker Video: পালঘরে জাতীয় সড়কে উল্টে গেল আমুল দুধের ট্যাঙ্কার, দুধ নিতে হুড়োহুড়ি, ভাইরাল ভিডিও
মুম্বই-আহমেদাবাদ জাতীয় সড়কে এক পথদুর্ঘটনাকে কেন্দ্র করে তৈরি হলো চাঞ্চল্যকর দৃশ্য। পালঘরের তাওয়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি আমুল দুধের ট্যাঙ্কার।
Milk Tanker Video: আমেদাবাদ জাতীয় সড়কে এক পথদুর্ঘটনাকে কেন্দ্র করে তৈরি হলো চাঞ্চল্যকর দৃশ্য। পালঘরের তাওয়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি আমুল দুধের ট্যাঙ্কার। দুর্ঘটনায় হাজার হাজার লিটার দুধ রাস্তায় ভেসে যেতেই বালতি, ক্যান ও প্লাস্টিকের বোতল নিয়ে ভিড় জমালেন স্থানীয় গ্রামবাসী এবং পথচলতি চালকেরা। ঘটনাটির পর বেশ কিছু সময় ধরে হাইওয়েতে চরম যানজটের সৃষ্টি হয়।
কী ঘটেছিল ঘটনাটি?
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার দুপুর ৩টে নাগাদ দাহানু তালুকের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। গুজরাট থেকে আমুলের দুধ বহনকারী ট্যাঙ্কারটি ভিবারের দিকে যাচ্ছিল। আচমকাই চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি প্রথমে রোড ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার চোটে ট্যাঙ্কারটি লেন ডিঙিয়ে রাস্তার অপর পাশে উল্টে যায়। এর ফলে ট্যাঙ্কার ফেটে হাজার হাজার লিটার দুধ মুম্বাইগামী জাতীয় সড়কে ছড়িয়ে পড়ে।
দেখুন ভিডিও
দুধ সংগ্রহে হুলস্থুল কাণ্ড
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তাওয়া গ্রামের বাসিন্দা এবং পথচলতি গাড়ির আরোহীরা প্লাস্টিকের বোতল, ড্রাম, বালতি ও ক্যান নিয়ে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন। রাস্তার ওপর গড়িয়ে যাওয়া দুধ সংগ্রহ করতে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনার বেশ কিছু ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যেখানে মানুষজনকে দুর্ঘটনাকবলিত ট্যাঙ্কারটির চারপাশে ঘিঁজে দাঁড়িয়ে দুধ পাত্রে ভরতে দেখা যাচ্ছে।
যানবাহন চলাচল স্বাভাবিক করল পুলিশ
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। শুরুতেই উত্তেজিত ভিড় সামাল দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কসরত করতে হয় আধিকারিকদের। সংবাদসংস্থা পিটিআই (PTI)-কে পুলিশ জানিয়েছে, সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় কোনো গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। কয়েক ঘণ্টার চেষ্টায় উল্টে যাওয়া ট্যাঙ্কারটিকে ক্রেনের সাহায্যে রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং রাজপথ পরিষ্কার করে ট্রাফিক পুলিশ। মুম্বাই ও গুজরাটের সংযোগকারী অন্যতম ব্যস্ত এই মুম্বাই-আহমেদাবাদ জাতীয় সড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে তা পুনরায় স্বাভাবিক হয়।