Putin to Visit India: মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে যুদ্ধের মাঝে ভারতে আসছেন পুতিন, কবে আসছেন রুশ প্রেসিডেন্ট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে আসতে চলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিন।
নয়া দিল্লি, ৫ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)-র আমন্ত্রণে সাড়া দিয়ে ভারতে আসতে চলেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদামির পুতিন (Vladimir Putin)। চলতি বছরের শেষে ২৩ তম ইন্দো-রাশিয়ান বার্ষিক সম্মেলনে উপস্থিত থাকতে পুতিনকে আমন্ত্রণ জানান মোদী। প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ গ্রহণ করে ভারতে আসবেন বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পের অঘোষিত বাণিজ্য যুদ্ধ, অতিরিক্ত শুল্ক আরোপের পর থেকে রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পহেলগাম কাণ্ডের পর পাকিস্তানের সঙ্গে চরম উত্তেজনার মাঝে পুতিনের ভারত সফরের ঘোষণা নিশ্চিতভাবেই বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের কাছে সুখবর। ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধের মাঝেই ভারতে আসার সিদ্ধান্ত নিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেনে আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপে কোণঠাসা পুতিন এবার চিন, উত্তর কোরিয়ার মত ভারত সফরে এসে বার্তা পাঠাতে চাইছেন।
যুদ্ধাপরাধির অভিযোগে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে
ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নামার পর থেকে সেভাবে আর বিদেশ সফরে যান না রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২৩ সালে নয়া দিল্লি-তে জি-২০ সম্মেলনেও আসেননি পুতিন। আন্তর্জাতিক অপরাধী আদালত (ICC) যুদ্ধাপরাধী ঘোষণা করে পুতিনের ওপর গ্রেফতারি পরোয়ানা জারি আছে। ফলে বিদেশ সফরে গেলে তাঁর গ্রেফতারির আশঙ্কাও আছে। তাই একেবারে ঘনিষ্ঠ দেশ ছাড়া পুতিন রাশিয়ার বাইরে বের হওয়ার কথা ভাবেন না।
ভারতে আসছেন পুতিন
চিন, উত্তর কোরিয়ার পর এবার ভারতে
তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্প মার্কিন সিংহাসনে ফেরার পর এবার আবার আগের মত বিদেশ সফরে বেরোতে চাইছেন পুতিন। গত বছর রুশ প্রেসিডেন্ট চিন, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, মঙ্গোলিয়া, উজবেকিস্তান, কাজাকাস্তান, বেলারুশ, তুর্কিমিনিস্তান সফরে গিয়েছিলেন। পুতিনের সাম্প্রতিক বিদেশ সফরের তালিকাতেই পরিষ্কার শুধুমাত্র রাশিয়ার অতি ঘনিষ্ঠ দেশগুলিতেই সফর করছেন। মোদীর ডাকে সাড়া দিয়ে পুতিন ভারতকে আরও কাছে টানার বার্তা দিলেন।