Mahakumbh 2025: বিরোধীদের চাপের মুখে পড়ে মহাকুম্ভে ভিভিআইইপি পাস বাতিলের সিদ্ধান্ত যোগী সরকারের
বুধবারের ঘটনার পরই পুলিশের শীর্ষকর্তা ও আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
নয়াদিল্লিঃ মৌনী অমাবস্যায় মহা বিপর্যয়ের সাক্ষী থেকেছে মহাকুম্ভ(Mahakumbh Mela 2025)। অমৃত স্নানের(Amrit Snan) মুহূর্তে পদপিষ্ট(Mahakumbh Stampede) হয়ে মৃত্যু হয়েছে ৩০ জন পুণ্যার্থীর। আহত বহু। এই ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠেছে প্রশাসনের ভূমিকা নিয়ে। বিশ্বের সবচেয়ে বড় মেলায় এই ধরনের দুর্ঘটনা কী করে ঘটে? কেন পর্যাপ্ত ব্যবস্থাপনা ছিল না? একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে যোগী সরকারকে। এ ছাড়া এই ঘটনার কারণ হিসেবে মহাকুম্ভে ভিআইপিদের অগ্রাধিকার দেওয়ার বিষয়কে দায়ী করেছেন বিরোধীরা। এবার চাপের মুখে পড়ে মহাকুম্ভের সব নিয়মকানুনে বদল আনল উত্তরপ্রদেশ সরকার।
রাতারাতি মহাকুম্ভের নিয়মকানুন বদলে দিলেন যোগী
মহাকুম্ভে বাতিল করা হয়েছে ভিভিআইপি পাস। বুধবারের ঘটনার পরই পুলিশের শীর্ষকর্তা ও আধিকারিকদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ওই বৈঠকেই একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে সূত্রের খবর। বুধের ঘটনা থেকে শিক্ষা নিয়ে যোগী নির্দেশ দিয়েছেন, মেলাপ্রাঙ্গনের রাস্তার ধারে বসা সমস্ত দোকান উঠিয়ে ফেলতে হবে। ওই সমস্ত দোকান ফাঁকা জায়গায় স্থানান্তর করতে হবে। রাস্তায় যানজট এড়াতেই এই সিদ্ধান্ত। এ ছাড়া পুলিশ অফিসারদের পেট্রোলিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগত পুণ্যার্থীরা যাতে বিনা বাধায় এগিয়ে যেতে পারেন, তার ব্যবস্থা করতে হবে পুলিশকে। কানপুর-প্রয়াগরাজ, ফতেহপুর-প্রয়াগরাজ, অযোধ্যা-প্রয়াগরাজ, বারাণসী-প্রয়াগরাজ ও লখনউ-প্রতাপগড়-প্রয়াগরাজের মতো গুরুত্বপূর্ণ রুট যাতে বন্ধ না হয় দিকে নজর দিতে হবে। এ ছাড়া মহাকুম্ভে যে ভেহিকল জোন ছিল তা আর থাকছে না। সেই সঙ্গেই আগত পুণ্যার্থীদের জন্য খাবার ও জলের যথাযথ ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মহাকুম্ভে ভিভিআইইপি পাস বাতিলের সিদ্ধান্ত যোগী সরকারের