Budget Session of Parliament: সংসদের বাজেট অধিবেশনের আগে, আজ নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক ডেকেছে সরকার

Parliament (Photo Credits: ANI)

৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। তার আগে বৃহস্পতিবার সরকারের তরফে নয়াদিল্লিতে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সরকার সমস্ত বিরোধী দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবে এবং অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দলগুলোর সহযোগিতা কামনা করবে।

৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। তবে টানা নয়। দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে বাজেট অধিবেশনকে। প্রথম পর্যায় শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ দিয়ে শুরু হবে ২০২৫ সালের বাজেট অধিবেশন। এরপর ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এছাড়া প্রথম পর্বে রাষ্ট্রপতির ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধন্যবাদজ্ঞাপন করবেন এবং বাজেট নিয়ে আলোচনায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জবাব দেবেন। এরপর বাজেট প্রস্তাব পর্যালোচনার জন্য প্রথম পর্যায়ের অধিবেশনে বিরতি নেওয়া হবে।

এরপর দ্বিতীয় পর্যায়ের অধিবেশন ১০ মার্চ থেকে শুরু হবে। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। এর মধ্যে ৫ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভা নির্বাচন রয়েছে। ওই দিন সংসদের সমস্ত কার্যক্রম স্থগিত থাকবে বলে জানা গিয়েছে।

জানা গেছে সর্বদলীয় বৈঠকে যোগ দেবে তৃণমূল। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ও’ব্রায়েন দলের তরফে বৈঠকে যোগ দেবেন। সূত্রের খবর, নিজেদের ইস্যু সর্বদলীয় বৈঠকে তুলে ধরবে তৃণমূল। যে ইস্যুগুলি তুলে ধরা হবে, তার মধ্যে রয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া। বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলেও সর্বদলীয় বৈঠকে সুদীপ, ডেরেক সরব হবেন বলেই সূত্রের খবর।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement