Mumbai: গাড়ির দরজা বন্ধ করেই অটল সেতু থেকে ঝাঁপ চিকিৎসকের, মুম্বইতে চাঞ্চল্য
পুলিশ সূত্রে খবর, কিঞ্জল কান্তিলাল শাহ নামের ওই মহিলা পেশায় একজন চিকিৎসক। দাদাসাহেব ফালকে রোডে নবীন আশা নামে এক বহুতলে থাকতেন বছর ৪৪-এর ওই মহিলা। পেশায় চিকিৎসক ওই মহিলা বাবার সঙ্গে থাকলেও, বেশ কয়েক বছর ধরে মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন বলে খবর।
মুম্বই, ২০ মার্চ: মুুম্বইয়ের (Mumbai) অটল সেতু (Atal Setu) থেকে ঝাঁপ দিলেন এক মহিলা। মুম্বইতে সদ্য নির্মিত অটল সেতু থেকে ঝাঁপ দেন পারেল এলাকার বাসিন্দা এক মহিলা। সোমবার দুপুরের ওই ঘটনায় কার্যত চাঞ্চল্য ছড়িয়েছে। অটল সেতু থেকে ওই মহিলার ঝাঁপ দেওয়ার পর থেকেই শুরু হয় খোঁজ। পুলিশ সংশ্লিষ্ট মহিলার বাড়ি থেকে উদ্ধার করে সুইসাইড নোট। ফলে আত্মহত্যার উদ্দেশেই ওই মহিলা সদ্য নির্মিত অটল সেতু থেকে ঝাঁপ দেন বলে পুলিশের প্রাথমিক অনুমান।
পুলিশ সূত্রে খবর, কিঞ্জল কান্তিলাল শাহ নামের ওই মহিলা পেশায় একজন চিকিৎসক। দাদাসাহেব ফালকে রোডে নবীন আশা নামে এক বহুতলে থাকতেন বছর ৪৪-এর ওই মহিলা। পেশায় চিকিৎসক ওই মহিলা বাবার সঙ্গে থাকলেও, বেশ কয়েক বছর ধরে মানসিকভাবে তিনি অসুস্থ ছিলেন বলে খবর।
রিপোর্টে প্রকাশ, সোমবার একটি ট্যাক্সি ধরে ওই মহিলা অটল সেতুর দিকে যান। এরপর তিনি চালককে তিনি গাড়ি থামাতে বলেন। নির্দিষ্ট জায়গা না পেলে গাড়ি থামাতে পারবেন না বলে চালক তাঁকে জানান। গাড়ি থেকে নেমেই এরপর ওই মহিলা ছুটে সেতুর রেলিংয়ের দিকে যান। তাঁকে থামানোর সুযোগ পাননি গাড়ি চালক। তার আগেই ওই মহিলা অটল সেতু থেকে ঝাঁপ দেন বলে খবর।