Mehbooba Mufti: ভোট নিয়ে উত্তপ্ত উপত্যকা! অনন্তনাগ-রাজৌরি কেন্দ্রে পোলিং এজেন্টের গ্রেফতারি নিয়ে প্রতিবাদে পিডিপি সুপ্রিমো

সকাল থেকেই  জম্মু-কাশ্মীরে শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছিল। এমনকী বিগত পাঁচ দফায় সেভাবে কোনও অশান্তির খবর উঠে আসেনি উপত্যকার লোকসভা কেন্দ্র থেকে। কিন্তু ষষ্ঠ দফা নির্বাচন শুরুর কয়েকঘন্টা পরেই উত্তপ্ত হয়ে উঠল অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্র। জানা যাচ্ছে, এই কেন্দ্রের পিডিপির পোলিং এজেন্ট এবং কয়েকজন কর্মীকে গ্রেফতার করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। আর সেই নিয়ে কার্যত উত্তপ্ত এই লোকসভা কেন্দ্র। খোদ দলের সুপ্রিমো মেহেবুবা মুফতি (Mehbooba Mufti) এবং দলের নেতারা শুরু করেছে অবস্থান বিক্ষোভ।

মেহেবুবা জানিয়েছেন, তাঁর দলের পোলিং এজেন্ট ও কর্মীদের বিনা কারণে গ্রেফতার করেছে। নির্বাচনের আগের দিন অর্থাৎ শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছিলেন, শনিবার তাঁদের কয়েকজন কর্মীকে থানায় তলব করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। ভোটের দিন কেন আমাদের আটকাতে চাইছে? কেন দক্ষিণ কাশ্মীরের জনগণকে গণতন্ত্রে বিশ্বাস দেখানোর জন্য শাস্তি দেওয়া হচ্ছে? যদিও ঠিক কোন কারণে পিডিপি-র নেতাকর্মীদের শনিবার গ্রেফতার করা হল তা এখনও জানায়নি পুলিশ প্রশাসন।

জম্মু-কাশ্মীরের পাশাপাশি শনিবার ৫৮টি কেন্দ্রে লোকসভা নির্বাচন রয়েছে। যার মধ্যে অন্যতম বাংলার ৮ টি আসন। সকাল থেকেই সবজায়গায় শান্তিপূর্ণ নির্বাচন শুরু হলেও বেলা গড়াতেই বেশকিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তি লক্ষ্য করা গিয়েছে। এরমাঝে বিশিষ্ট ব্যক্তিত্বরা সাতসকালে ভোটদান করে এসেছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement