গুরুগ্রাম হিট অ্যান্ড রান: বাইকার তরুণীকে ধাক্কার ঘটনায় গ্রেফতার দ্বিতীয় অভিযুক্ত লাভনীশ
হরিয়ানার গুরুগ্রামের বিখ্যাত গলফ কোর্স রোডে নারী বাইকার সিয়াকে ধাওয়া করা, উত্যক্ত করা এবং গাড়ি দিয়ে সজোরে ধাক্কা মারার চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় হরিয়ানার পালওয়াল থেকে লাভনীশ (৩৪) নামের এই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ।
Gurugram Hit-and-Run Case: হরিয়ানার গুরুগ্রামের বিখ্যাত গলফ কোর্স রোডে নারী বাইকার সিয়াকে ধাওয়া করা, উত্যক্ত করা এবং গাড়ি দিয়ে সজোরে ধাক্কা মারার চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় হরিয়ানার পালওয়াল থেকে লাভনীশ (৩৪) নামের এই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার সময় মূল অভিযুক্ত কল্যাণ বৈঁসলার সঙ্গেই গাড়ির ভিতরে বসে ছিলেন এই লাভনীশ। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য গুরুগ্রামের সেক্টর ৫৬ থানায় নিয়ে আসা হয়েছে।
মুল অভিযুক্ত আগেই গ্রেফতার
এর আগে পুলিশ ঘটনার মূল অভিযুক্ত তথা প্রাক্তন কবাডি খেলোয়াড় ও জিম মালিক কল্যাণ বৈঁসলাকে রাজস্থান থেকে গ্রেপ্তার করে। ঘটনার পর নিজের মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছিলেন কল্যাণ। পরবর্তীতে রাজস্থানের দৌসা ও রাজগড়ের মধ্যবর্তী এলাকা থেকে তাকে জালে তোলে পুলিশ। দুর্ঘটনায় ব্যবহৃত সাদা রঙের সেডান গাড়িটি ইতোমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে।
দেখুন ভাইরাল ভিডিও
ঠিক কী হয়েছিল
ঘটনাটি ঘটেছিল গত রবিবার, ১৩ সেপ্টেম্বর সকালে। রাইডার বন্ধুদের সাথে স্পোর্টস বাইক নিয়ে বের হওয়া তরুণী সিয়াকে অভিযুক্তরা গাড়িতে চেপে ধাওয়া করে এবং উত্যক্ত করতে শুরু করে। এরপর গলফ কোর্স রোডে চলন্ত বাইকে গাড়ি দিয়ে সজোরে ধাক্কা মারা হয়। ধাক্কার তীব্রতায় বাইক থেকে ছিটকে পড়ে হাঁটুতে গুরুতর আঘাত পান সিয়া। ঘটনার পরেই ঘাতক গাড়িটি দ্রুত গতিতে সেখান থেকে চম্পট দেয়।
খুনের চেষ্টা, শ্লীলতাহানির মামলা রুজু
আক্রান্ত তরুণীর সঙ্গে থাকা অন্য এক বাইকারের হেলমেট ক্যামেরায় পুরো ঘটনাটি রেকর্ড হয়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ব্যাপক ভাইরাল হওয়ার পরই বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। সিসিটিভি ফুটেজ ও ভাইরাল ভিডিও খতিয়ে দেখার পর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১০৯ ধারা অনুযায়ী 'হত্যার চেষ্টা' (Attempt to Murder), উত্যক্ত করা এবং মহিলার শ্লীলতাহানির মামলা রুজু করেছে। দুই অভিযুক্তই বর্তমানে সেক্টর ৫৬ থানার হেফাজতে রয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে।