Bank Open Sunday: রবিবার ২৭ সেপ্টেম্বর খোলা থাকছে ব্যাঙ্ক, জানুন পাঁচ তথ্যে
ধর্মঘটের কারণে সাধারণ মানুষের ব্যাঙ্কিং পরিষেবায় যাতে বড় ধরনের ব্যাঘাত না ঘটে, সে জন্য এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় ও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)।
Bank Open Sunday: আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর টানা তিন দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস (UFBU)। এই ধর্মঘটের কারণে সাধারণ মানুষের ব্যাঙ্কিং পরিষেবায় যাতে বড় ধরনের ব্যাঘাত না ঘটে, সে জন্য এক অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় ও রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI)। আগামী ২৭ সেপ্টেম্বর, রবিবার সারা দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক (RRB) খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কী বলছে অর্থমন্ত্রক
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জারি করা, এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, "টানা কয়েক দিন ব্যাংক পরিষেবা ব্যাহত হলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়বেন। তাই মানুষের জরুরি ব্যাঙ্কি প্রয়োজনের কথা মাথায় রেখে আগামী ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (রবিবার) সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাংক সাধারণ কর্মদিবসের মতোই সম্পূর্ণ সচল থাকবে।"
কেন ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত?
ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস (UFBU) আগামী ২৮ সেপ্টেম্বর (সোমবার) থেকে ৩০ সেপ্টেম্বর (বুধবার) পর্যন্ত টানা ৩ দিনের দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ঘোষণা করেছে। এর ঠিক আগেই ছিল ২৬ সেপ্টেম্বর (চতুর্থ শনিবার) এবং ২৭ সেপ্টেম্বর (রবিবার)। ফলে পরপর ৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকার আশঙ্কায় আর্থিক লেনদেন পুরোপুরি স্তব্ধ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। গ্রাহক পরিষেবা স্বাভাবিক রাখতে এবং শাখাগুলোতে নগদ টাকার ঘাটতি এড়াতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) সব রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা, প্রশাসনিক অফিস এবং কারেন্সি চেস্ট খোলা রাখার বিশেষ অনুমোদন দিয়েছে।
কেন এই ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘট?
সময়সূচি: আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ধর্মঘট চলবে।
মূল দাবি: ব্যাংকে সপ্তাহে ৫ দিন কাজের নির্দেশ চালু করা, অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন সংশোধন এবং সমস্ত স্তরে অভিন্ন মহার্ঘ ভাতা (DA) ফর্মুলা প্রয়োগ করার দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে ইউনিয়ন নেতাদের সঙ্গে আলোচনা চালিয়ে ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ করা হলেও পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি শেষ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পরামর্শ, রবিবারের সুযোগ কাজে লাগিয়ে গ্রাহকরা যেন তাঁদের প্রয়োজনীয় জরুরি ব্যাংকিং লেনদেন ও নগদ তোলার কাজ আগেভাগেই সেরে রাখেন।